News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৩৪, ১২ জানুয়ারি ২০২৬

বিদেশের ৪ মিশনে প্রেস সচিবদের অবিলম্বে ফেরার নির্দেশ

বিদেশের ৪ মিশনে প্রেস সচিবদের অবিলম্বে ফেরার নির্দেশ

ফাইল ছবি

বিদেশে বাংলাদেশের মিশনের প্রেস উইংয়ে দায়িত্ব পালনরত চার কর্মকর্তাকে অবিলম্বে তাদের কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 

সম্প্রতি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দেশে ফেরত আসার নির্দেশপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান এবং জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মো. ইমরানুল হাসান।

আরও পড়ুন: সরকার অপশক্তির কাছে নতিস্বীকার করেছে: টিআইবি

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ১৭ মার্চ এসব কর্মকর্তাকে তাদের বর্তমান পদ ও কর্মস্থল থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য ১৫ কার্যদিবসের মধ্যে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়। পরে ১৩ এপ্রিল জারি করা ওই প্রজ্ঞাপনটি বাতিল করা হয় এবং সংশ্লিষ্ট মিশনগুলোতে নতুন কর্মকর্তা নিয়োগ না হওয়া পর্যন্ত তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখার অনুমতি দেওয়া হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে এসব মিশনে নতুন কর্মকর্তা নিয়োগ কার্যকর করা হয়েছে এবং তাদের অনুকূলে আর্থিক সরকারি আদেশ জারি করা হয়েছে। ফলে বর্তমান পরিস্থিতিতে চার কর্মকর্তাকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে দেশে প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বর্তমান প্রেক্ষাপটে এই কর্মকর্তাদের স্বদেশ প্রত্যাবর্তন আবশ্যিক এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের দ্রুত কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে আসার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়