প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল নিষ্পত্তির শুনানি শুরু আজ
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে (ইসি)। এসব আপিলের শুনানি শুরু হচ্ছে শনিবার (১০ জানুয়ারি) থেকে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। ধারাবাহিকভাবে এই শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।
কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম দিন শনিবার (১০ জানুয়ারি) ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এরপর রবিবার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি নেওয়া হবে।
পরবর্তী দিনের আপিল শুনানির তারিখ ও সময়সূচি শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
শুক্রবার শেষ দিনে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রার্থীরা আপিল দাখিলের জন্য নির্বাচন কমিশনে উপস্থিত হন। এ পর্যন্ত জমা পড়া ৬৪৫টি আপিলের মধ্যে বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থীদের।
আরও পড়ুন: ‘দায়িত্ব শেষে জবাবদিহিতা বা কাঠগড়ায় দাঁড়াতে ভয় নেই’
ইসি সূত্র জানায়, এক শতাংশ সমর্থন পূরণে ব্যর্থতা, সমর্থনকারী ভোটারের স্বাক্ষরের অসংগতি, ঋণখেলাপি হওয়া এবং মনোনয়নপত্রে তথ্যের ঘাটতির কারণে অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এসব ত্রুটি সংশোধনের জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের সুযোগও দেওয়া হয়েছিল।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








