News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪১, ৯ জানুয়ারি ২০২৬

পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের খবর সঠিক নয়: ইসি

পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের খবর সঠিক নয়: ইসি

ফাইল ছবি

সীমানা জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচন স্থগিতের যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন থেকে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় বলা হয়, ‘পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন -এ মর্মে ইসিকে উদ্ধৃত করে প্রচারিত সংবাদটি সঠিক নয়। অনুগ্রহ করে এ বিষয়ে প্রচারিত সংবাদ বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।’

এর আগে সকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদের উদ্ধৃতি দিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, সীমানাসংক্রান্ত জটিলতায় আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের সীমানা পুনর্বহাল সংক্রান্ত নির্বাচন কমিশনের ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির একটি অংশ স্থগিত করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৪ সেপ্টেম্বর সংসদীয় আসনের চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ওই গেজেটে সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে নিয়ে পাবনা-২ আসন নির্ধারণ করা হয়।

আরও পড়ুন: শীতের দাপট বাড়ছে, আরও কয়েক দিন শৈত্যপ্রবাহের আশঙ্কা

এই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম ও সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে গত ১৮ ডিসেম্বর হাইকোর্ট রায় দিয়ে দুটি আসনের আগের সীমানা পুনর্বহালের নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে গত ২৪ ডিসেম্বর নির্বাচন কমিশন সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে। তবে আপিল বিভাগের সাম্প্রতিক আদেশের পর বিষয়টি এখন বিচারাধীন রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়