খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানে কাছে ড. ইউনূসের শোকবার্তা
ছবি: সংগৃহীত
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
সোমবার (০৫ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম এবং সহকারী প্রেস সচিব নাঈম আলীর উপস্থিতিতে এই শোকবার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে পৌঁছে দেওয়া হয়।
সেখানে তারা কিছু সময় অবস্থান করে এবং প্রধান উপদেষ্টার শোক ও সমবেদনার বার্তাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
আরও পড়ুন: ‘এমন নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হওয়ার নয়’
শোকবার্তায় প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার গভীর দুঃখ প্রকাশ করেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়া তিনি শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানান।
বার্তায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং দেশের উন্নয়নে তার অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন, তার নেতৃত্ব দেশের গণতান্ত্রিক আন্দোলন এবং রাজনৈতিক জীবনে এক অনন্য ভূমিকা রেখেছে।
বিএনপি মিডিয়া সেলের সূত্রে জানানো হয়, শোকবার্তা গ্রহণকালে তারেক রহমান প্রধান উপদেষ্টার শোক ও সমবেদনার বার্তাটি গ্রহণ করেন এবং মরহুমার পরিবারের প্রতি সমবেদনা জানানোর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করার প্রতিশ্রুতি দেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








