যারা নির্বাচন বানচালের চেষ্টা করবেন, তারা ব্যর্থ হবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি
যারা নির্বাচন বানচালের চেষ্টা করবেন, তারা ব্যর্থ হবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের দ্রুত প্রশিক্ষণ সম্পন্ন করার বিষয়ে সভায় আলোচনা হয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব বাহিনীকে সমন্বিতভাবে ও মাঠপর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনী প্রচার-প্রচারণাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সাধারণ জনগণসহ সংশ্লিষ্ট সবাইকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সহযোগিতা করতে হবে এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে।
অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে নির্বাচন করতে অটল উল্লেখ করে তিনি বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবেন, তারা ব্যর্থ হবেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: দেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ সরকারের
তিনি আরও বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর বা নির্বাচনকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রয়োজনে ভোটকেন্দ্রসহ যেকোনো স্থানে, যেকোনো সময় প্রবেশ করতে পারবেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








