দেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ সরকারের
ছবি: সংগৃহীত
বাংলাদেশের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার ঘটনায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়া হয়েছে- যা সরকারের দৃষ্টিগোচর হয়েছে। এ সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিক কারণ জানা যায়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে বাংলাদেশের জনগণ ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সব খেলা এবং সংশ্লিষ্ট অনুষ্ঠান দেশের সব গণমাধ্যমে প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: দেশে পরপর দুইবার ভূমিকম্প, ৪৮ ঘণ্টার মধ্যে আফটারশকের আশঙ্কা
উল্লেখ্য, এবারের আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নিপীড়নের অভিযোগ তুলে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবিতে ভারতের কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিক্ষোভ করে আসছিল। এরই প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। বিসিসিআইয়ের সেই নির্দেশনা অনুসরণ করে কেকেআর কর্তৃপক্ষ টাইগার এই পেসারকে ছেড়ে দেয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি/এনডি








