সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: সংগৃহীত
নির্বাচন সামনে রেখে সারা দেশে যৌথবাহিনীর অভিযান শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
রবিবার (৪ জানুয়ারি) কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার জানান, আজকের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট পরিপত্র জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই পরিপত্রে যৌথবাহিনীর অভিযানের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা উল্লেখ থাকবে।
তিনি বলেন, এখন থেকে সারা দেশে যৌথবাহিনীর অপারেশন শুরু হবে। এ বিষয়ে সকল বাহিনীপ্রধানকে নিয়ে নির্বাচন কমিশনে ইতোমধ্যে বৈঠক হয়েছে এবং সংশ্লিষ্ট সব হেডকোয়ার্টারকে অবহিত করা হয়েছে।
আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, যৌথবাহিনীর অভিযানের মূল লক্ষ্য তিনটি। প্রথমত, অবৈধ অস্ত্র উদ্ধার। নির্বাচনকে কেন্দ্র করে যেসব অবৈধ অস্ত্রের সরবরাহ রয়েছে, সেগুলো উদ্ধার করা হবে। যেগুলো উদ্ধার করা সম্ভব হবে না, সেগুলো যেন কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার না হয়, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: বিদ্যুৎ নেই ৩২৫ ভোটকেন্দ্রে, ব্যবস্থা নিতে ইসির নির্দেশ
দ্বিতীয়ত, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। তৃতীয়ত, নির্বাচনকেন্দ্রিক দল ও প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করা। আচরণবিধির বড় ধরনের ব্যত্যয় ঘটলে তা যৌথবাহিনী দেখবে। আর ছোটখাটো ব্যত্যয় সংশ্লিষ্ট রুটিন কমিটির মাধ্যমে নিষ্পত্তি করা হবে বলে জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








