News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৯, ২ জানুয়ারি ২০২৬

ঢাকায় ঘন কুয়াশায় নামতে পারেনি আন্তর্জাতিক ৯ বিমান

ঢাকায় ঘন কুয়াশায় নামতে পারেনি আন্তর্জাতিক ৯ বিমান

ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে স্বাভাবিক উড্ডয়ন ও অবতরণ কার্যক্রমে সাময়িক বিপর্যয় দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত থেকে শুক্রবার (২ জানুয়ারি) ভোর পর্যন্ত রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তাজনিত কারণে ৯টি আন্তর্জাতিক ফ্লাইট বিমানবন্দরে নামতে পারেনি।

বিমানবন্দর কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফ্লাইটগুলোকে তিনটি বিকল্প আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে পাঠানো হয়।

এর মধ্যে ৪টি ফ্লাইট অবতরণ করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, ৪টি ফ্লাইট পাঠানো হয় ভারতের কলকাতা বিমানবন্দরে, ১টি ফ্লাইট পাঠানো হয় থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। 

আরও পড়ুন: ১৪টি বোয়িং কেনার সিদ্ধান্ত বিমান পর্ষদের

তিনি জানান, কুয়াশার কারণে রাতভর অবতরণ কার্যক্রম বন্ধ রাখতে হয় এবং ফ্লাইটগুলো ডাইভার্ট করা ছাড়া বিকল্প ছিল না।

গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ আরও জানান, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে শুক্রবার সকাল ৯টার পর থেকে ধীরে ধীরে সব ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়। ডাইভারশন হওয়া ফ্লাইটগুলোকে পর্যায়ক্রমে ঢাকায় ফিরিয়ে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে শীত ও ঘন কুয়াশার ব্যাপক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এছাড়া বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দিনগুলোতে সারাদেশে তাপমাত্রা আরও কমতে পারে, ফলে শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়