বুধবার সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি
ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস (সিডিউল ওয়ান অব দ্য রুলস অব বিজনেস, ১৯৯৬) রিভাইজড আপ টু এপ্রিল ২০১৭-এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে সরকার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী ৩১ ডিসেম্বর, বুধবার নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করল। ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
আরও পড়ুন: তার জনসেবা, ত্যাগ ও সংগ্রাম চিরস্মরণীয় হয়ে থাকবে: তারেক
জরুরি পরিষেবা যেমন-বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বহির্ভূত থাকবে।
চিকিৎসা সেবা, চিকিৎসক, হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীও এই ছুটির আওতার বহির্ভূত থাকবে। ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহনও এই ছুটির আওতার বহির্ভূত থাকবে।
জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসসমূহ এই ছুটির আওতার বহির্ভূত থাকবে।
ব্যাংক কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।
আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, এভারকেয়ারে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় মারা যান।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, বুধবার (৩১ ডিসেম্বর) খালেদা জিয়ার জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
এরপর তাকে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
নিউজবাংলাদেশ.কম/এনডি








