ইরানকে কঠোর হুঁশিয়ারি জিসিসির
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবিলম্বে হামলা বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। একইসঙ্গে জোটটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন হলে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
রবিবার (১ মার্চ) জিসিসির সদস্য দেশগুলোর এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেওয়া দেশগুলো দাবি করেছে, সাম্প্রতিক ইরানি হামলায় সদস্য রাষ্ট্রগুলোর বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অভিযোগ করা হয়, এসব হামলায় বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু করা হয়েছে।
জিসিসির সদস্য দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, ওমান, কাতার ও কুয়েত।
এক বিবৃতিতে জিসিসি ইরানের বিরুদ্ধে সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলে। একইসঙ্গে তারা ইরানকে অবিলম্বে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ করার আহ্বান জানিয়ে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে।
এর আগে পরমাণু ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলাকালে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। পরে এ অভিযানে যুক্তরাষ্ট্র যুক্ত হয় বলে জানা যায়। এতে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বিস্ফোরণের ঘটনা ঘটে।
হামলার পরপরই ইরান পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ব্যবহৃত ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। এর ফলে ইসরায়েলের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার ও সৌদি আরবেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এদিকে, ইরানের শীর্ষ নেতৃত্বের হতাহতের বিষয়ে বিভিন্ন দাবি উঠলেও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-কে ঘিরে প্রকাশিত তথ্য আন্তর্জাতিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: রকেট হামলায় ইরানে ২০ ভলিবল খেলোয়াড়ের মৃত্যু
পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








