ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন: উপদেষ্টা
ছবি: সংগৃহীত
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা। ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার পর তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লে রবিবার (১ মার্চ) এ তথ্য নিশ্চিত করা হয়।
পরিচয় গোপন রাখার শর্তে ওই উপদেষ্টা তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে জানান, তিনি সরাসরি আহমাদিনেজাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তার ভাষ্য, আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
উপদেষ্টা আরও জানান, শনিবার আহমাদিনেজাদের নিরাপত্তা কার্যক্রমে ব্যবহৃত একটি ভবনে হামলা চালানো হয়। ওই হামলায় ইরানের বিশেষ বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পস (আইআরজিসি)-এর তিন সদস্য নিহত হন। তারা সাবেক এই প্রেসিডেন্টের দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তিনি বলেন, আহমাদিনেজাদের নিজস্ব বাসভবনটি হামলার শিকার হওয়া ভবন থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত। তবে সেটি হামলার লক্ষ্যবস্তু ছিল না এবং সম্পূর্ণ অক্ষত রয়েছে।
এর আগে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন। তবে উপদেষ্টার বক্তব্যে সেই গুঞ্জনকে ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: খামেনি হত্যার কঠোর প্রতিশোধের ঘোষণা হিজবুল্লাহর
উল্লেখ্য, মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








