চ্যাটজিপিটিতে আসছে বিজ্ঞাপন
ছবি: ইন্টারনেট
ব্যবহারকারীর নির্দেশমতো বার্তা, নিবন্ধ বা কবিতা লিখে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের পরামর্শ দেওয়ায় অনেকে নিয়মিত চ্যাটজিপিটি ব্যবহার করছেন। তবে এআই চ্যাটবট পরিচালনার খরচ বাড়তে থাকায় এবার চ্যাটজিপিটির বিভিন্ন প্রম্পটে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা করছে ওপেনএআই।
সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফ্রি ও চ্যাটজিপিটি গো প্ল্যান ব্যবহারকারীরা বিজ্ঞাপন দেখতে পাবেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য এ বিজ্ঞাপন চালু করা হবে।
ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালু হলেও ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও কথোপকথনের গোপনীয়তা সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে। কোনো অবস্থাতেই ব্যক্তিগত তথ্য বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করা হবে না। বিজ্ঞাপন প্রদর্শনের সময় ব্যবহারকারীদের প্রাসঙ্গিক ও মানসম্মত বিজ্ঞাপন দেখানো নিশ্চিত করা হবে। পাশাপাশি ব্যবহারকারীরা চাইলে বিজ্ঞাপন বন্ধ করতে পারবে।
ওপেনএআই জানিয়েছে, বিজ্ঞাপন চ্যাটজিপিটির উত্তর বা ফলাফলে কোনো প্রভাব ফেলবে না। ব্যবহারকারীদের তথ্য ও কথোপকথন বিজ্ঞাপন ব্যবস্থার বাইরে আলাদা ও গোপন রাখা হবে। বিজ্ঞাপনগুলো স্পষ্টভাবে চিহ্নিত থাকবে এবং ব্যবহারকারীরা চাইলে জানতে পারবে কেন তাদের সামনে কোনো নির্দিষ্ট বিজ্ঞাপন দেখানো হচ্ছে। এছাড়া মতামত জানানোর ও বিজ্ঞাপন বাতিল করার সুযোগও থাকবে। তবে প্লাস, প্রো, বিজনেস ও এন্টারপ্রাইজ সাবস্ক্রিপশন প্ল্যানের ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপন প্রযোজ্য হবে না।
আরও পড়ুন: গুগল জিমেইলে চালু করলো জেমিনি এআই সহকারী
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান বলেছেন, বিজ্ঞাপন প্রদর্শন করা হলেও চ্যাটজিপিটির দেওয়া উত্তর প্রভাবিত করার জন্য প্রতিষ্ঠান কোনো অর্থ গ্রহণ করবে না। তিনি উল্লেখ করেন, অনেকেই এআই ব্যবহার করতে আগ্রহী হলেও তা নিয়ে অর্থ দিতে চায় না। এ বাস্তবতা থেকেই বিজ্ঞাপনভিত্তিক নতুন ব্যবসায়িক মডেল কার্যকর হতে পারে বলে আশাবাদী প্রতিষ্ঠানটি। সূত্র: দ্য হ্যাকার নিউজ
নিউজবাংলাদেশ.কম/এসবি








