News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪২, ১৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:৪৩, ১৫ জানুয়ারি ২০২৬

প্রযুক্তি ডেটা সেন্টার চালাতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে মেটার চুক্তি

প্রযুক্তি ডেটা সেন্টার চালাতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে মেটার চুক্তি

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সেবা সম্প্রসারণের ফলে মেটার ডেটা সেন্টারে বিদ্যুতের চাহিদা দ্রুত বেড়ে চলেছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে মেটা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান এবং ছোট আকারের মডিউলার রিঅ্যাক্টর (এসএমআর) নির্মাতা দুটি স্টার্টআপের সঙ্গে বিদ্যুৎ সরবরাহের চুক্তি করেছে। এই চুক্তির মাধ্যমে কোম্পানি ভবিষ্যতে ছয় গিগাওয়াটের বেশি পারমাণবিক বিদ্যুৎ ব্যবহার করতে পারবে।

মেটার সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী ভিসট্রা এবং ছোট আকারের মডিউলার রিঅ্যাক্টর প্রযুক্তি নির্মাতা দুটি স্টার্টআপ—ওকলো ও টেরাপাওয়ার। ওকলোর ‘অরোরা পাওয়ারহাউস’ প্রতিটি রিঅ্যাক্টর ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। মেটার চাহিদা পূরণে প্রতিষ্ঠানটি এক ডজনের বেশি রিঅ্যাক্টর স্থাপন করবে। অপরদিকে, টেরাপাওয়ার ২০৩২ সালের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে। তাদের রিঅ্যাক্টর নকশায় গলিত সোডিয়াম ব্যবহার করে রিঅ্যাক্টর থেকে জেনারেটরে শক্তি স্থানান্তর করা হয়।

ভিসট্রা বিদ্যুৎ সরবরাহ করবে যুক্তরাষ্ট্রে নিজেদের চালু থাকা তিনটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে। ওকলো ও টেরাপাওয়ার নতুন রিঅ্যাক্টর নির্মাণ করে ভবিষ্যতে বিদ্যুৎ সরবরাহ করবে। ভিসট্রার সঙ্গে ২০ বছর মেয়াদি চুক্তির আওতায় মেটা ওহাইও অঙ্গরাজ্যের পেরি ও ডেভিস বেস নামের দুটি বিদ্যুৎকেন্দ্র থেকে মোট ২.১ গিগাওয়াট বিদ্যুৎ কিনবে। একই সঙ্গে ভিসট্রা পেনসিলভানিয়ার বিউভার ভ্যালি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনক্ষমতা বাড়িয়ে অতিরিক্ত ৪৩৩ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে।

আরও পড়ুন: ২৮ জানুয়ারি শুরু হচ্ছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো

চুক্তিগুলোর আর্থিক শর্ত মেটা প্রকাশ করেনি। বিশ্লেষকদের মতে, বিদ্যমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে কেনা বিদ্যুতের দাম তুলনামূলকভাবে কম হবে। অন্যদিকে ছোট আকারের মডিউলার রিঅ্যাক্টর থেকে উৎপাদিত বিদ্যুতের দাম কত হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য নেই। টেরাপাওয়ারের মতে, ভবিষ্যতে প্রতি মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুতের দাম হতে পারে ৫০–৬০ ডলার। ওকলোর হিসাব অনুযায়ী, এ খরচ ৮০–১৩০ ডলারের মধ্যে হতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়