News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:০৫, ১৪ জানুয়ারি ২০২৬

২৮ জানুয়ারি শুরু হচ্ছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো

২৮ জানুয়ারি শুরু হচ্ছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো

ছবি: সংগৃহীত

দেশের প্রযুক্তিনির্ভর শিল্পায়ন ও ডিজিটাল উদ্ভাবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগামী ২৮ জানুয়ারি শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো- ২০২৬”। 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। 

বুধবার (১৪ জানুয়ারি) আয়োজকদের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিএফসিসি)-তে অনুষ্ঠিতব্য এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
 
প্রধান উপদেষ্টার সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পূর্বঘোষিত তারিখ সংশোধন করা হয়েছে। এর ফলে ২৯ জানুয়ারির পরিবর্তে ২৮ জানুয়ারি থেকেই তিন দিনব্যাপী এই প্রদর্শনী শুরু হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব।

ইয়ারবাড মস্তিষ্কের ক্যানসার বাড়ায় কি? বিজ্ঞান কী বলছে

আয়োজকদের মতে, “ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬” দেশের প্রযুক্তিখাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে যাচ্ছে। এই এক্সপোর মাধ্যমে দেশীয় ডিজিটাল ডিভাইস উৎপাদন সক্ষমতা, প্রযুক্তিনির্ভর শিল্পায়ন, উদ্ভাবনী উদ্যোগ এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্ভাবনা তুলে ধরা হবে।

প্রদর্শনীতে দেশি ও বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান, স্টার্টআপ, উদ্যোক্তা ও উদ্ভাবকদের অংশগ্রহণের পাশাপাশি বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের মধ্যে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মের জন্য জ্ঞান বিনিময়, নেটওয়ার্কিং এবং অংশীদারিত্ব জোরদারে এই এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়