সেলফি ভিডিও দিয়েই লগইন করা যাবে গুগল অ্যাকাউন্ট
ছবি: সংগৃহীত
গুগল অ্যাকাউন্টে লগইন প্রক্রিয়াকে আরও নিরাপদ ও সহজ করতে নতুন একটি ফিচার চালু করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগল। এবার থেকে ব্যবহারকারীরা সেলফি ভিডিওর মাধ্যমে নিজেদের পরিচয় নিশ্চিত করে গুগল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট জানিয়েছে, ফিচারটি বায়োমেট্রিক নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে নিজের ব্যবহৃত ফোন বা কম্পিউটার কাছে না থাকলে কিংবা অ্যাকাউন্টে প্রবেশের অন্য কোনো উপায় না থাকলে এটি কার্যকর বিকল্প হিসেবে কাজ করবে।
যেভাবে চালু করবেন ফিচারটি
ফিচারটি ব্যবহারের জন্য আগে সেটআপ করতে হবে। এজন্য গুগলের My Account-এ গিয়ে Security and Sign-in অপশনে প্রবেশ করতে হবে। এরপর How you sign in to Google বিভাগের অধীনে থাকা Selfie Video অপশন নির্বাচন করে Add selfie for sign-in -এ গিয়ে Continue চাপলেই সেটআপ শুরু হবে।
যদি কম্পিউটারে ক্যামেরা থাকে, তাহলে সেখান থেকেই সরাসরি ফেস ভেরিফিকেশন সম্পন্ন করা যাবে। আর ক্যামেরা না থাকলে পর্দায় একটি কিউআর কোড দেখাবে। সেটি স্মার্টফোন দিয়ে স্ক্যান করে পুরো প্রক্রিয়া শেষ করা যাবে।
যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে
সেলফি ভিডিও ধারণের সময় চেহারা স্পষ্ট রাখতে চশমা বা মাস্ক খুলে ফেলতে হবে। পাশাপাশি ভিডিওর পেছনে অন্য কোনো ব্যক্তি বা অতিরিক্ত অগোছালো পরিবেশ না রাখার পরামর্শ দিয়েছে গুগল।
নিরাপত্তা আরও জোরদার করতে ভিডিও ধারণ ও ভবিষ্যতের প্রতিটি লগইনের সময় ব্যবহারকারীকে নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী মাথা ডানে-বাঁয়ে বা বিভিন্ন দিকে ঘোরাতে বলা হবে। গুগলের ভাষ্য, এ পদ্ধতির মাধ্যমে ডিপফেইক ভিডিও বা অন্যান্য ডিজিটাল জালিয়াতির চেষ্টা শনাক্ত করা সহজ হবে এবং নিশ্চিত হওয়া যাবে যে ক্যামেরার সামনে বাস্তব ব্যক্তিই রয়েছেন।
এনক্রিপ্টেড থাকবে ভিডিও
গুগল জানিয়েছে, ব্যবহারকারীর সেলফি ভিডিও সম্পূর্ণ এনক্রিপ্টেড অবস্থায় সংরক্ষণ করা হবে এবং কেবল পরিচয় যাচাই ও সাইন-ইন প্রক্রিয়ায় ব্যবহার করা হবে। ব্যবহারকারী চাইলে যেকোনো সময় Video Verification পেজে গিয়ে Delete অপশনের মাধ্যমে সংরক্ষিত ভিডিও মুছে ফেলতে পারবেন।
আরও পড়ুন: আসক্তির অভিযোগে করা মামলা থেকে রেহাই পেল মেটা
যেসব অ্যাকাউন্টে সুবিধা মিলবে না
প্রাথমিকভাবে গুগল Workspace অ্যাকাউন্ট, শিশু বা অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট এবং Advanced Protection Program-এ অন্তর্ভুক্ত অ্যাকাউন্টের জন্য এই ভিডিও ভেরিফিকেশন সুবিধা চালু করছে না।
নিউজবাংলাদেশ.কম/এসবি








