গুগল জিমেইলে চালু করলো জেমিনি এআই সহকারী
ছবি: সংগৃহীত
গুগল এবার জিমেইলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করেছে। ‘জেমিনি’ নামের এই এআই সহকারী ব্যবহারকারীদের জন্য ইমেইল খোঁজা, করণীয় তালিকা তৈরি এবং উত্তর লেখার কাজকে সহজ করবে। তবে এই সুবিধার সঙ্গে গোপনীয়তার প্রশ্নও উঠেছে।
গুগল জানায়, নতুন ফিচারগুলোর রোলআউট ধাপে ধাপে চলতি জানুয়ারি থেকে শুরু হয়েছে। জেমিনি ব্যবহারকারীর ইমেইল বিশ্লেষণ করে প্রয়োজনীয় তথ্য বের করবে। উদাহরণস্বরূপ, কেউ লিখলে, “গত মাসে চাকরির বিষয়ে যে সঙ্গে কথা হয়েছিল, তার নাম কী”- জেমিনি ইনবক্স ঘেঁটে উত্তর খুঁজে দেবে। সাধারণ সার্চের চেয়ে এটি সময়, প্রসঙ্গ ও কথোপকথনের ধরনও বিবেচনায় নেবে।
নতুন ইনবক্স ফিচার এখন পরীক্ষামূলক পর্যায়ে আছে। এটি স্বয়ংক্রিয়ভাবে ইমেইলে থাকা কাজগুলো শনাক্ত করে একটি করণীয় তালিকা বানাবে, আলাদা নোট নেওয়ার দরকার হবে না। এছাড়া ইমেইল লেখার ক্ষেত্রে থাকবে স্বয়ংক্রিয় প্রুফরিডার এবং উত্তর সাজেস্ট করার সুবিধা, যা ব্যবহারকারী চাইলে সরাসরি পাঠাতে বা পরিবর্তন করতে পারবে।
গুগল জানিয়েছে, কিছু ফিচার বিনামূল্যে ব্যবহার করা যাবে, তবে উন্নত সুবিধার জন্য সাবস্ক্রিপশন প্রয়োজন হবে। কোন ফিচার ফ্রি বা পেইড তা ধাপে ধাপে জানানো হবে।
বিশেষজ্ঞরা মনে করেন, এই পরিবর্তন ইমেইল ব্যবহারের অভ্যাস বদলে দিতে পারে। ইনবক্সের সারসংক্ষেপ পাওয়ায় গুরুত্বপূর্ণ কাজ দ্রুত নজরে আসবে, অপ্রয়োজনীয় মেইল আলাদা করার ঝামেলা কমবে। তবে জেমিনিকে সম্পূর্ণ ইনবক্সে প্রবেশাধিকার দিতে হলে ব্যক্তিগত তথ্যের বিশ্লেষণ হওয়া স্বাভাবিক, যা গোপনীয়তার ঝুঁকি তৈরি করতে পারে। গুগল জানিয়েছে, তথ্য সুরক্ষার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে এবং কর্মীরা ব্যক্তিগত মেইল পড়েন না।
আরও পড়ুন: বাংলাদেশে টিকটকের ২ কোটির বেশি ভিডিও অপসারণ
নিউইয়র্ক টাইমসের প্রযুক্তি প্রতিবেদক ব্রায়ান এক্স চেন এক সপ্তাহ ধরে এই এআই-যুক্ত জিমেইল ব্যবহার করেছেন। তাঁর অভিজ্ঞতায় স্বয়ংক্রিয় করণীয় তালিকা কার্যকর হলেও, ইমেইল লেখার গতি বাড়ানোর টুল পুরোপুরি সন্তুষ্ট করেনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








