News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৮, ১৭ জানুয়ারি ২০২৬

আয় বাড়তে এবার চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখাবে ওপেনএআই

আয় বাড়তে এবার চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখাবে ওপেনএআই

ফাইল ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি-তে বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত নিয়েছে এআই কোম্পানি ওপেনএআই। 

শুক্রবার (১৬ জানুয়ারি) ও শনিবার (১৭ জানুয়ারি) পৃথক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, আয়ের নতুন উৎস তৈরি এবং ক্রমবর্ধমান পরিচালন ব্যয় সামাল দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আসন্ন কয়েক সপ্তাহের মধ্যে পরীক্ষামূলকভাবে এই বিজ্ঞাপন কার্যক্রম শুরু করা হবে।

ওপেনএআইয়ের ব্লগ পোস্ট অনুযায়ী, শুরুতে যুক্তরাষ্ট্রে সীমিত পরিসরে বিজ্ঞাপন দেখানো হবে। এটি কেবল ফ্রি ব্যবহারকারী এবং নিম্নস্তরের সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে; প্রিমিয়াম বা পেইড ব্যবহারকারীদের ক্ষেত্রে বিজ্ঞাপন দেখানো হবে না। বিশেষ করে, নতুন চালু হওয়া মাসিক ৮ ডলারের ‘গো’ সাবস্ক্রিপশনেও বিজ্ঞাপন থাকবে, তবে ‘প্লাস’ (২০ ডলার), ‘প্রো’ (২০০ ডলার) এবং ব্যবসায়িক গ্রাহকদের ক্ষেত্রে বিজ্ঞাপন দেখানো হবে না।

ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটির জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে পরিচালন ব্যয়ও দ্রুত বৃদ্ধি পেয়েছে। এই ব্যয় সামাল দিতে নতুন আয়ের উৎস হিসেবে বিজ্ঞাপন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

প্রতিষ্ঠানটি বলেছে, পরীক্ষামূলক পর্যায়ে বিজ্ঞাপন কার্যক্রম সফল হলে ভবিষ্যতে অন্য দেশেও এবং আরও বিস্তৃত আকারে এটি চালু হতে পারে।

আরও পড়ুন: প্রযুক্তি ডেটা সেন্টার চালাতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে মেটার চুক্তি

অন্যদিকে, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান অতীতে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন যুক্ত করার বিষয়ে অনীহা প্রকাশ করেছিলেন। তবে প্রতিষ্ঠানটি এখন বিপুল ব্যয়ের চাপ সামলাতে নতুন আয়ের পথ খুঁজছে। 
ওপেনএআই জানিয়েছে, আগামী আট বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোয় প্রায় ১.৪ ট্রিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে তারা। অল্টম্যানের বক্তব্য অনুযায়ী, ২০২৫ সালের শেষে প্রতিষ্ঠানটির বার্ষিক আয় ২০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে তারা আশা করছে।

বিজ্ঞাপনগুলো ব্যবহারকারীর প্রশ্নের উত্তরের নিচে ‘স্পনসরড’ লেবেলসহ দেখানো হবে। 

তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিজ্ঞাপন চ্যাটজিপিটির উত্তরকে প্রভাবিত করবে না। 

তাদের ভাষ্য, ব্যবহারকারীদের বিশ্বাস রাখতে হবে—চ্যাটজিপিটির উত্তর মূলত তথ্যভিত্তিক ও সহায়ক থাকার জন্যই দেওয়া হবে।

ওপেনএআই আরও জানায়, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বা কথোপকথন বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করা হবে না। ব্যবহারকারীরা চাইলে চ্যাটের ভিত্তিতে বিজ্ঞাপন বন্ধও করতে পারবেন। এছাড়া স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও রাজনীতিসহ ‘নিয়ন্ত্রিত বিষয়’ সংক্রান্ত আলোচনায় কোনো বিজ্ঞাপন দেখানো হবে না।

তবে বিশ্লেষকদের মতে, ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথনের প্রেক্ষাপটে বিজ্ঞাপন দেখানো নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। কারণ অনেক সময় ব্যবহারকারীরা চ্যাটজিপিটিতে ব্যক্তিগত ও সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ক্ষতিকর বা ঝুঁকিপূর্ণ পণ্যের বিজ্ঞাপন ঠেকাতে ওপেনএআইয়ের ওপর বাড়তি চাপ থাকবে।

প্রসঙ্গত, সম্প্রতি মেটাও তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটেও ব্যবহারকারীদের কথোপকথনের তথ্য কাজে লাগিয়ে বিজ্ঞাপন দেখানোর উদ্যোগ নিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়