মোবাইল ফোনের দাম কমাতে আমদানিতে শুল্ক কমাল এনবিআর
ছবি: সংগৃহীত
মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে দেশীয় মোবাইল ফোন উৎপাদন ও সংযোজন শিল্পকে সহায়তার লক্ষ্যে উপকরণ আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ।
এনবিআর জানায়, মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমানোর ফলে বিদ্যমান আমদানি শুল্ক প্রায় ৬০ শতাংশ হ্রাস পেয়েছে। একই সঙ্গে দেশীয় মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলো যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে, সে লক্ষ্যে উপকরণ আমদানিতে শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এতে এসব উপকরণ আমদানিতে প্রযোজ্য মোট আমদানি শুল্ক ৫০ শতাংশ কমেছে।
এনবিআরের তথ্যমতে, নতুন শুল্কহার কার্যকর হলে ৩০ হাজার টাকার বেশি মূল্যের প্রতিটি আমদানিকৃত পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা কমবে। আর একই মূল্যের দেশে সংযোজিত মোবাইল ফোনের দাম কমবে প্রায় দেড় হাজার টাকা।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় সাড়ে ৫ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা
মোবাইল ফোন ও সংশ্লিষ্ট উপকরণ আমদানিতে উল্লেখযোগ্য শুল্ক হ্রাসের ফলে সব ধরনের মোবাইল ফোনের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে এবং ডিজিটাল সেবা গ্রহণ আরও সহজ হবে বলে আশা করছে সরকার। জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে মোবাইল ফোনের দাম রাখতে সরকারের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে এনবিআর।
নিউজবাংলাদেশ.কম/এসবি








