News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০০, ১৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:০১, ১৩ জানুয়ারি ২০২৬

অস্ট্রেলিয়ায় সাড়ে ৫ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

অস্ট্রেলিয়ায় সাড়ে ৫ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে নতুন আইন কার্যকর হওয়ার প্রথম কয়েক দিনের মধ্যেই প্রায় ৫ লাখ ৫০ হাজার অ্যাকাউন্ট বন্ধ করেছে মেটা । এই আইন ডিসেম্বর থেকে কার্যকর, যার অধীনে ১৬ বছরের কম বয়সী অস্ট্রেলীয়দের ইনস্টাগ্রাম, ফেসবুক ও অন্যান্য জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট রাখা নিষিদ্ধ।

মেটার তথ্য অনুযায়ী, প্রথম সপ্তাহে ইনস্টাগ্রামে ৩ লাখ ৩০ হাজার ৬৩৯টি, ফেসবুকে ১ লাখ ৭৩ হাজার ৪৯৭টি এবং থ্রেডসে ৩৯ হাজার ৯১৬টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।

যদিও মেটা স্বীকার করেছে যে তরুণদের অনলাইন নিরাপত্তা আরও বাড়ানো দরকার, তারা ‘সার্বিক নিষেধাজ্ঞা’র পরিবর্তে বিকল্প পদ্ধতির পক্ষে মত দিয়েছে। এক ব্লগ পোস্টে মেটা অস্ট্রেলিয়া সরকারকে শিল্পখাতের সঙ্গে গঠনমূলক আলোচনা করার আহ্বান জানিয়েছে। তারা জানিয়েছে, অ্যাপ স্টোর পর্যায়ে বয়স যাচাই ব্যবস্থা করা হলে তা সব অ্যাপে সমান সুরক্ষা নিশ্চিত করবে এবং নতুন অ্যাপ ব্যবহার করে আইন এড়িয়ে যাওয়ার প্রবণতাও কমাবে। মেটা অভিভাবকের অনুমতির ভিত্তিতে ব্যতিক্রম রাখার দাবিও তুলেছে।

বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করার চেষ্টা চলছে। তবে অস্ট্রেলিয়ার ১৬ বছরের বয়সসীমা এবং অভিভাবকীয় ছাড় না রাখার আইন বিশ্বের সবচেয়ে কঠোর হিসেবে বিবেচিত হচ্ছে। নীতি অভিভাবকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টিও ক্ষমতায় এলে একই ধরনের আইন করার প্রতিশ্রুতি দিয়েছে।

আরও পড়ুন: ফ্রিল্যান্সারদের আইডি কার্ড দিচ্ছে সরকার

তবে সমালোচকেরা বলছেন, প্রযুক্তির ফাঁকি দিয়ে অস্ট্রেলীয় শিশুরা সহজেই এই নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে পারে এবং এতে শিশুদের আরও কম নিরাপদ অনলাইন প্ল্যাটফর্মে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়