ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: ‘দাবি না মানলে অবরোধ চলবে’
ছবি: সংগৃহীত
সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট নির্দেশনা না পাওয়ায় প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারিতে বিলম্বের প্রতিবাদে ফের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দাবি মানা না হলে এই অবরোধ কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলমান থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। বুধবার সন্ধ্যা পৌনে ছয়টায় সায়েন্সল্যাব মোড়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা পথ ছাড়েন।
সংবাদ সম্মেলনে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি নাঈম হাওলাদার বলেন, “আমরা চাই সরকার আমাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মুক্তির সেই অধ্যাদেশটি দ্রুত দিয়ে দিক। জানুয়ারির সূচনা লগ্নে আমরা সরকারের কাছে গিয়েছিলাম, তারা আমাদেরকে জানিয়েছিল জানুয়ারির ১৫ তারিখের মধ্যে একটি অধ্যাদেশের সন্ধান দেবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, সেটি এখনো আমরা পাচ্ছি না। যার ফলশ্রুতিতে আমরা মূলত আজকে রাজপথে নেমেছিলাম।”
তিনি আরও বলেন, “আজ আমাদের কর্মসূচি সফল হওয়ার একদম ক্রান্তিলগ্নে। আমরা সায়েন্স ল্যাব, তাঁতীবাজার মোড়, টেকনিক্যাল মোড় এবং মহাখালীর আমতলী এই চারটি স্পট ব্লকেড করেছিলাম। আমরা যেহেতু সরকারের পক্ষ থেকে স্পেসিফিক কোন নির্দেশনা পাচ্ছি না। অতএব আমাদের এই কর্মসূচি আমরা স্পেসিফিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত চলমান রাখবো। আমাদের এই ব্লকেড কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলমান থাকবে।”
এই আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, “আগামীকাল বৃহস্পতিবার আবারও আমরা সায়েন্স ল্যাব, তাঁতীবাজার মোড়, টেকনিক্যাল মোড়-তিনটি স্পটে আমাদের ব্লকেড কর্মসূচি চলমান রাখবো।”
এদিকে, টেকনিক্যাল মোড়, তাঁতীবাজার ও মহাখালীর আমতলী মোড় বুধবার কিছুক্ষণ অবরুদ্ধ থাকলেও, দুপুর তিনটার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে দেন।
এর আগে, মঙ্গলবার দুপুরে ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, দাবি আদায়ের লক্ষ্যে বুধবার সকাল ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড় অবরোধ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের পরিমার্জিত খসড়া গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খসড়াটি দ্রুত সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি এবং আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে (আইনি যাচাই) উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এনডি








