এইচএসসির ফরম পূরণ নিয়ে নতুন নির্দেশনা বোর্ডের
ফাইল ছবি
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের তারিখ পুনরায় পরিবর্তন করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে পরীক্ষার্থীদের ফরম পূরণ প্রক্রিয়া শুরু হবে। এর আগে গত ৪ জানুয়ারি প্রকাশিত ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি বাতিল ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (০৬ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বোর্ডের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের অনুকূলে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার সময় পরিবর্তন
নতুন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা (টেস্ট পরীক্ষা) গ্রহণ শেষে ফলাফল আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই প্রকাশ করতে হবে। নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশের পরপরই ১ মার্চ থেকে মূল পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হবে। তবে ফরম পূরণের বিস্তারিত সময়সূচি এবং ফি সংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য যে, এবারের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ এ নিয়ে মোট তিনবার পুনর্নির্ধারণ করা হলো। সর্বশেষ গত ৪ জানুয়ারির বিজ্ঞপ্তিতে ফরম পূরণের তারিখ ১১ মার্চ নির্ধারণ করা হলেও, নতুন নির্দেশনায় তা ১০ দিন এগিয়ে এনে ১ মার্চ করা হয়েছে। অনিবার্য কারণে আগের বিজ্ঞপ্তিটি বাতিল করে এই নতুন সময়সূচি প্রণয়ন করেছে বোর্ড কর্তৃপক্ষ।
শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং প্রশাসনিক কাজের সমন্বয় করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী পরীক্ষা সম্পন্ন করে ফরম পূরণের প্রস্তুতি নিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








