রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ক্ষতিগ্রস্ত ভবনটিতেই চলছে চিকিৎসাসেবা
ছবি: সংগৃহীত
স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাজধানীর মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিতে বর্তমানে সীমিত পরিসরে চিকিৎসাসেবা চলছে। শিশুদের হাম-রুবেলার টিকাও দেওয়া হচ্ছ সেখানেই।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে পরিদর্শনে গিয়ে এমন চিত্র দেখা যায়।
সেখানকার ধ্বংসস্তূপ সরাতে কাজ করছে পরিচ্ছন্নতাকর্মীরা। স্বাস্থ্যকর্মীরা জানায়, স্বাভাবিক দিনে গড়ে এই কেন্দ্র থেকে সেবা দেওয়া হতো ১২০ থেকে ১৫০ জনকে। ভাঙচুর ও লুটপাটের পর স্বাস্থ্যসেবা নিয়ে ভোগান্তিতে পড়েছেন রোগী ও শিশুরা।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আক্তার বলেন, বর্তমানে সীমিত পরিসরে কার্যক্রম চালানো হচ্ছে। বিশেষ করে শিশুদের হাম-রুবেলার টিকা প্রদান করা হচ্ছে। এছাড়াও গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আগামী ১ সপ্তাহের মধ্যে স্বাভাবিক কার্যক্রম চালু হবে। এমন আশ্বাস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। তবে গ্যাস-বিদ্যুৎ না থাকায় কার্যক্রম চালাতে বেশ বেগ হতে হচ্ছে।
আরও পড়ুন: ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৭
অন্যদিকে, স্বাস্থ্যসেবাকেন্দ্রটি পরিদর্শনে যান আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। বলেন, এটার অবস্থা দেখে মনে হয়েছে গাজার ধ্বংসযজ্ঞ। এই প্রতিষ্ঠান সব দলের লোকের সন্তানরা ব্যবহার করেন। সেরকম একটি প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া বাংলাদেশে এর আগে হয়নি।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে লোক দেখানো গ্রেফতার নয়, অপরাধী হলেও নিজ দলের কর্মীদের গ্রেফতার করবেন।
প্রসঙ্গত, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সেন্টার গুঁড়িয়ে দেওয়ার অভিযোগে এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এমনকি প্রত্যাহার করা হয়েছে শাহ আলী থানার ওসিকে। নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে রাজিব হোসেনকে।
নিউজবাংলাদেশ.কম/এনডি









