লালমনিরহাট সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩০, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:৫৪, ২৮ সেপ্টেম্বর ২০২৬

লালমনিরহাটে ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

লালমনিরহাটে ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে এবং অটোরিকশাটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন অটোরিকশার আরও আট যাত্রী। খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকীন নামে আরও একজনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের সবার পরিচয় জানা যায়নি। তবে তারা পাটগ্রাম উপজেলার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজনভ্যান থেকে পালালেন পিচ্চি রাজা

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তিনজন নিহত ও সাতজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়