প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ ও নিউইয়র্ক সফর নিয়ে আজ সোমবার সংবাদ সম্মেলন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে রবিবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সফরকালে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।
গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ভাষণে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও প্রেস সচিব সালেহ শিবলী তার এ সফরকে সফল ও ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন।
আরও পড়ুন: নারীদের জন্য চালু হচ্ছে আরও ১০০ পিংক বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান রবিবার সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটটি নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
নিউজবাংলাদেশ.কম/এসবি









