জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:২৮, ২৮ সেপ্টেম্বর ২০২৬

টয়লেটে যাওয়ার কথা বলে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য

টয়লেটে যাওয়ার কথা বলে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য

‘পিচ্চি রাজা’ ওরফে বাদশা। ছবি: সংগৃহীত

আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে টয়লেটে  যাওয়ার কথা বলে পালিয়ে গেছেন ২৫ মামলার আসামি রাজধানীর মোহাম্মদপুরের মাদক কারবারি পিচ্চি রাজা ওরফে বাদশা। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঢাকা থেকে গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছানোর পর প্রিজন ভ্যানে থাকা পিচ্চি রাজা শৌচাগারে যাওয়ার কথা বলেন। পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে একটি শৌচাগারে নিয়ে যান। সেখানে সুযোগ বুঝে কৌশলে পালিয়ে যান তিনি।

এ ঘটনায় প্রিজন ভ্যানের চালকসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জানান, পিচ্চি রাজার পালানোর ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে কমিটি ঘটনাটি তদন্ত করবে।

রবিবার সকালে ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য পিচ্চি রাজাকে প্রিজন ভ্যানে করে ঢাকায় নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফিরিয়ে নেওয়া হচ্ছিল।

পথে প্রিজন ভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে প্রাকৃতিক কাজ সারার কথা বলে শৌচাগারে যাওয়ার অনুরোধ করেন পিচ্চি রাজা। পরে তাকে একটি শৌচাগারে নিয়ে যান দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। এ সময় সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে যান তিনি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানার একটি সূত্র জানায়, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজনভ্যান থেকে পালালেন পিচ্চি রাজা

পিচ্চি রাজা, তার স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফিরছেন এমন খবরে বিমানবন্দরে অবস্থান নেয় পুলিশ। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদের হেফাজতে নেওয়া হয়।

সূত্রটি আরও জানায়, পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২০ থেকে ২৫টি মামলা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়