মার্চে এলপিজি ও অটোগ্যাসের দাম অপরিবর্তিত
ফাইল ছবি
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম চলতি মার্চ মাসের জন্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটার প্রতি সামান্য কমানো হয়েছে।
সোমবার (০২ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই দর ঘোষণা করে সংস্থাটি, যা আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হচ্ছে।
বিইআরসি’র ঘোষণা অনুযায়ী, মার্চ মাসের জন্য বহুল ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত ফেব্রুয়ারি মাসের দামের সমান। উল্লেখ্য যে, গত ২৩ ফেব্রুয়ারি সবশেষ সমন্বয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা করা হয়েছিল। নতুন ঘোষণায় সেই দামই বহাল রাখা হয়েছে। ১২ কেজি ছাড়াও অন্যান্য আকারের সিলিন্ডারের দামও এই অনুপাতে অপরিবর্তিত থাকবে।
সিলিন্ডার গ্যাসের দাম স্থিতিশীল থাকলেও যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত অটোগ্যাসের দামে কিছুটা পরিবর্তন এসেছে। মার্চ মাসের জন্য প্রতি লিটার অটোগ্যাসের দাম (মূসকসহ) ৩ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি অটোগ্যাসের দাম ২৮ পয়সা কমিয়ে প্রতি লিটার ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম ও ডলারের বিনিময় হার বিবেচনা করে প্রতি মাসেই এলপিজির দাম সমন্বয় করা হয়।
সোমবার বিকেলে কারওয়ান বাজারে অবস্থিত বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই দর কার্যকর হবে। দেশের সব ডিস্ট্রিবিউটর ও খুচরা বিক্রেতাদের এই নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








