News Bangladesh

স্পোর্টস রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:০২, ১০ মার্চ ২০২১
আপডেট: ১৮:১২, ১০ মার্চ ২০২১

কোয়ারেন্টাইন থেকে মুক্তির পর তাজা বাতাস নিতে পারছি: তামিম

কোয়ারেন্টাইন থেকে মুক্তির পর তাজা বাতাস নিতে পারছি: তামিম

নিউজিল্যান্ডে পৌঁছেই ১৪ দিনের কোয়ারেন্টিনে বন্দী ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। অর্থাত ২৪ ফেব্রুয়ারি দেশ ছেড়ে ৯ মার্চ পর্যন্ত বিধিবদ্ধ জীবন কাটাতে হয়েছে সেখানে। একভাবে বলতে গেলে নিঃসঙ্গ জীবন। দুই সপ্তাহের এই কোয়ারেন্টাইন শেষ হয়েছে বুধবার। কঠোর বিধিবদ্ধ জীবনের থেকে মুক্তির পর আনন্দ প্রত্যেক ক্রিকেটারের চোখে-মুখে। 
বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ক্রাইস্টচার্চ ছেড়ে কুইন্সটাউনে এরই মধ্যে পৌঁছেও গেছেন ক্রিকেটাররা।  ক্রাইস্টচার্চ ছাড়ার আগে সেই মুক্তির আনন্দ ফুটে উঠেছে তামিম ইকবালের কণ্ঠে! আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশের নিউজিল্যান্ড মিশন। পাঁচদিনের ক্যাম্প করার পাশাপাশি একটি অনুশীলন ম্যাচও খেলবে তারা।
বুধবার নিউজিল্যান্ড থেকে হোয়াটসঅ্যাপে পাঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভিডিও বার্তায় কোয়ারেন্টাইন নিয়ে তামিম। তিনি বলেন, ‘অবশ্যই, অনেক বড় পার্থক্য গড়ে দেয় এসব বিরতি। এবার আমাদের সময় প্রায় ৪৫ দিনের, সাধারণ পরিস্থিতিতে এই সফর হয়তো ২০ দিনেই শেষ করে আমরা বাড়ি ফিরতে পারতাম। এখন ১৪ দিন আইসোলেশনে (কোয়ারেন্টিন) থাকতে হলো। কিন্তু এখন সময়টাই এমন। সংশ্লিষ্ট দেশের নিয়মকে শ্রদ্ধা করতেই হবে আমাদের। সামনে তাকাতে হবে।’
বিধিবদ্ধ জীবন শেষে এখন পেয়ে খুবই আনন্দিত তামিম। তিনি বলেন,‘ভালো ব্যাপার হলো, এখন আমরা মুক্ত, তাজা বাতাসে শ্বাস নিতে পারছি। আইসোলেশনের সময় কেবল নির্দিষ্ট একটু সময় এই সুযোগ ছিল। এখন সব ভালো।'
এছাড়া নিউজিল্যান্ডের সরকারের আন্তরিকতারও প্রশংসা করে ওয়ানডে অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে, তারা (নিউজিল্যান্ড সরকার) আমাদের দেখভাল খুব ভালোভাবে করেছে। নিউজিল্যান্ড ক্রিকেট যেভাবে সবকিছুর ব্যবস্থা করেছে, আমাদের দল থেকে আমরা কেবল ধন্যবাদই জানাতে পারি। এরকম অভিজ্ঞতার ভেতর দিয়ে যাওয়া সহজ নয়। তবে তারা আমাদের যতটা সম্ভব স্বস্তিতে রাখার চেষ্টা করেছে।’

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়