অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: ভারতের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
ফাইল ছবি
চলমান অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের অভিযান। জিম্বাবুয়ের বুলাওয়েতে কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত এই ম্যাচটি বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের কিছুটা পরে শুরু হয়। শেষ পর্যন্ত বাংলাদেশ সময় দুপুর ১টা ১৮ মিনিটে টস অনুষ্ঠিত হলে ভাগ্য সহায় হয় বাংলাদেশের। টস জিতে লাল-সবুজের প্রতিনিধিরা আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।
শনিবার (১৭ জানুয়ারি) ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির বাধায় কার্যক্রম বিলম্বিত হয়। মাঠ প্রস্তুত হতে সময় লাগলেও পরে কন্ডিশন খেলার উপযোগী হয়ে ওঠে। টসের সময় নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম একাদশে থাকলেও টস করতে নামেন সহঅধিনায়ক জাওয়াদ আবরার।
টস জয়ের পর ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার জানান, উইকেট কিছুটা ভেজা বা ‘ড্যাম্প’ থাকায় প্রথম ১০ থেকে ১৫ ওভারে বোলারদের সুবিধা কাজে লাগাতে চান তারা। ভারতের অধিনায়ক আয়ুষ মাত্রেও স্বীকার করেন, টস জিতলে তিনিও আগে বোলিং নিতেন।
পিচ রিপোর্টে সাবেক ক্রিকেটার এড রেইনসফোর্ড জানান, মাঠের তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে। উইকেটে হালকা ঘাস থাকলেও কিছু জায়গায় মাটি আলগা থাকায় বল কখনো দ্রুত ব্যাটে আসতে পারে, আবার কখনো থেমে যেতে পারে। শুরুতে ব্যাটাররা সেট হতে পারলে বড় রান করাও সম্ভব বলে উল্লেখ করেন তিনি।
এই ম্যাচ ঘিরে বৃষ্টির শঙ্কা পুরো সময়জুড়েই রয়েছে। স্থানীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুলাওয়েতে সারাদিন ৮৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে ম্যাচ বারবার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকছে।
বাংলাদেশ দল আজ দুজন অলরাউন্ডার নিয়ে মাঠে নেমেছে। অন্যদিকে ভারত তাদের আগের জয়ী একাদশে কোনো পরিবর্তন আনেনি। প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১৯ ওভারে ৯ উইকেট নেওয়ার পাশাপাশি রিফাত বেগের ৭৬ রানের ইনিংস আত্মবিশ্বাস জুগিয়েছে বাংলাদেশ শিবিরে, যদিও সেই ম্যাচটি শেষ পর্যন্ত বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
আরও পড়ুন: জটিলতা কাটিয়ে ফিরছে বিপিএল: স্থগিত হওয়া ম্যাচের টিকিট নিয়ে দর্শকদের সুখবর
ভারতের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য মর্যাদা ও প্রতিযোগিতার দিক থেকে আলাদা গুরুত্ব বহন করছে। দুই বোর্ডের সাম্প্রতিক টানাপোড়েন, মোস্তাফিজ ইস্যু এবং সিনিয়র দলের বিশ্বকাপ সংক্রান্ত বিতর্কের মধ্যেই যুব পর্যায়ের এই ম্যাচটি বাড়তি আলোচনায় এসেছে। সংশ্লিষ্টদের মতে, উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে জয় পেতে মুখিয়ে রয়েছে আজিজুল হাকিমের দল।
ওয়ানডে ফরম্যাটের এই আসরে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং রানার্সআপ ভারত। তবে যুব বিশ্বকাপ দুই বছর পরপর অনুষ্ঠিত হয়। এবারের আসরটি ১৬ দল নিয়ে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। ছয় বছর আগে এই টুর্নামেন্টেই ইতিহাস গড়ে প্রথমবার ভারতের বিপক্ষে ফাইনাল জিতে শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ।
দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিশ্লেষণে দেখা যায়, অনূর্ধ্ব–১৯ পর্যায়ে অভিজ্ঞতার দিক থেকে বাংলাদেশ এগিয়ে। অধিনায়ক আজিজুল হাকিম তামিম এ পর্যন্ত ৩২ ম্যাচে ১০৬৭ রান করে এবারের আসরে সর্বোচ্চ স্কোরারের তালিকায় শীর্ষে। সহঅধিনায়ক জাওয়াদ আবরার ২৯ ম্যাচে করেছেন ১০৩৮ রান। ভারতের ওপেনার বৈভব সূর্যবংশী ১৯ ম্যাচে ৯৭৫ রান করে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। বাংলাদেশের রিজান হোসেন ৩১ ম্যাচে করেছেন ৮৮৭ রান।
বোলিং বিভাগেও বাংলাদেশি বোলারদের আধিপত্য চোখে পড়ার মতো। ইকবাল হোসেন ইমন ২২ ম্যাচে ৪৫ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন। আল ফাহাদ ৪৩ উইকেট এবং সামিউন বশির ২৯ উইকেট নিয়ে রয়েছেন পরের দুই স্থানে।
অনূর্ধ্ব–১৯ পর্যায়ে বাংলাদেশ ও ভারতের মুখোমুখি লড়াই হয়েছে মোট ২৬ বার। এর মধ্যে বাংলাদেশের জয় মাত্র ছয়টি হলেও, সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে নকআউট ম্যাচে ভারতের বিপক্ষে সাফল্য পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ২০২৪ এশিয়া কাপের ফাইনালে দুবাইয়ে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
এবারের বিশ্বকাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ছাড়াও নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিন দল খেলবে সুপার সিক্সে। গত আসরে এই পর্ব থেকেই বিদায় নিতে হলেও, এবার বড় লক্ষ্য নিয়েই বিশ্বকাপ শুরু করেছে ইয়াং টাইগার্সরা।
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ একাদশ:
মোহাম্মদ রিফাত বেগ, জাওয়াদ আবরার, মোহাম্মদ আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), কালাম সিদ্দিকী আলিন, মোহাম্মদ রিজান হোসেন, মো. ফরিদ হাসান ফয়সাল (উইকেটরক্ষক), মো. সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, আল ফাহাদ, সাদ ইসলাম রাজিন ও ইকবাল হোসেন ইমন।
ভারত অনূর্ধ্ব–১৯ একাদশ:
আয়ুষ মাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বেদান্ত ত্রিবেদী, বিহান মালহোত্রা, অভিজ্ঞান কুন্ডু (উইকেটরক্ষক), কানিশক চৌহান, হারভাঁশ পাঙ্গালিয়া, আরএস আমব্রিশ, হেনিল প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন ও খিলান প্যাটেল।
বৃষ্টির বাধা পেরিয়ে বাংলাদেশি বোলাররা কতটা চাপ তৈরি করতে পারেন এবং স্নায়ুর লড়াইয়ে কারা এগিয়ে থাকেন—সেটিই এখন দেখার বিষয়।
নিউজবাংলাদেশ.কম/পলি








