ভারতে বিশ্বকাপ খেলবে না টাইগাররা, আইসিসিতে চিঠি বিসিবির
ফাইল ছবি
ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আগামী মাসে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের ক্রিকেট অঙ্গন। নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রবিবার (০৪ জানুয়ারি) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে ই-মেইল বার্তার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে বোর্ড।
রবিবার দুপুরে বিসিবির ১৭ জন পরিচালকের উপস্থিতিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিসিবির শীর্ষ কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, উদ্ভূত পরিস্থিতিতে ভারতের মাটিতে দল পাঠানো সম্ভব নয়। এর আগে শনিবার রাতেও বিসিবি পরিচালকরা অনলাইনে একটি বৈঠক করেছিলেন, যেখানে অধিকাংশ পরিচালক কঠোর পদক্ষেপ না নেওয়ার পক্ষে মত দিয়েছিলেন। তবে সরকারের পক্ষ থেকে সরাসরি হস্তক্ষেপ এবং নির্দেশনার পর বিসিবি তাদের অবস্থান পরিবর্তন করে।
জানা গেছে, আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সরকারের নীতি-নির্ধারকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। চুক্তির অধীনে থাকা সত্ত্বেও সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপের মুখে বিসিসিআই-এর হস্তক্ষেপে মোস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি বাংলাদেশ।
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, চুক্তির আওতায় থেকেও যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে না পারেন, তবে জাতীয় দল সেখানে নিরাপদ বোধ করবে না।
আরও পড়ুন: লিটনকে অধিনায়ক করে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা
তিনি বোর্ডকে নির্দেশ দেন বিষয়টি লিখিতভাবে আইসিসিকে জানাতে এবং বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করতে।
আইসিসিকে পাঠানো ই-মেইলে বিসিবি স্পষ্ট জানিয়েছে, বর্তমান প্রেক্ষাপটে নিরাপত্তার শঙ্কায় ভারতে দল পাঠানো সম্ভব নয়। একইসঙ্গে বাংলাদেশের জন্য নির্ধারিত ভেন্যুগুলো অন্য কোনো দেশে (বিশেষ করে শ্রীলঙ্কায়) সরিয়ে নেওয়ার জোর আবেদন জানানো হয়েছে।
এ বিষয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বলেন, আমরা আইসিসিকে চিঠি পাঠিয়েছি। কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত অবস্থান পরিষ্কার করা হবে।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের ম্যাচগুলো ছিল কলকাতা ও মুম্বাইয়ে। সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল।
এদিকে, উদ্ভূত পরিস্থিতির মধ্যেই বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। প্রত্যাশিতভাবেই এই দলে নেতৃত্ব দেবেন লিটন দাস, এবং সহ-অধিনায়ক হিসেবে থাকছেন সাইফ হাসান। ফর্মে থাকা সত্ত্বেও স্কোয়াডে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্তর। এছাড়া বাদ পড়েছেন জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন। তবে বিপিএলে চমক দেখানো রিপন মন্ডল ও আলিস ইসলাম নির্বাচকদের নজরে রয়েছেন। ৩১ জানুয়ারি পর্যন্ত আইসিসির অনুমতি ছাড়াই এই স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে যে দূরত্বের সূচনা হয়েছিল, মোস্তাফিজ ইস্যু এবং বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্তে তা নতুন মাত্রা পেল। পাকিস্তান আগেই তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলার সিদ্ধান্ত নিশ্চিত করেছিল; এখন বাংলাদেশও একই পথে হাঁটায় বিশ্বকাপের সূচিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি/এনডি








