নাজমুলকে বিসিবির শোকজ, বার্তা দিলো ক্রিকেটারদেরও
ছবি: সংগৃহীত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটতে না পারায় নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের ক্ষতি সংক্রান্ত মন্তব্য করে বিতর্কের জন্ম দেন। তার এই মন্তব্যের প্রতিবাদে ক্রিকেটারদের সংগঠন তার পদত্যাগ দাবি করেছে এবং অন্যথায় বিপিএলসহ সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বয়কটের হুমকি দিয়েছে। ধারাবাহিকতায় নাজমুল ইসলামকে শোকজ করেছে বিসিবি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে তাকে তার বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিতে হবে। এর পরই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা বিপিএলের চূড়ান্ত পর্ব নির্বিঘ্নে শেষ করতে ক্রিকেটারদের সহযোগিতা চেয়েছে।
বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি এক বোর্ড সদস্যের আপত্তিকর মন্তব্যের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। বিসিবি নিশ্চিত করতে চায় পেশাদারিত্ব, ক্রিকেটারদের প্রতি সম্মান ও ক্রিকেটের মূল্যবোধ বজায় থাকবে। নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে আমাদের নিজস্ব নিয়ম-নীতি অনুসারে কঠোরভাবে এসব বিষয় মোকাবিলা করা হবে।
শোকজ প্রসঙ্গে বিসিবি জানিয়েছে, উক্ত বোর্ড সদস্যকে আনুষ্ঠানিকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে সুনির্দিষ্ট বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। এরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিসিবি ক্রিকেটারদের উদ্দেশ্যে জানিয়েছে, বিপিএলের ২০২৬ আসর শেষ পর্যায়ে। দেশের জনপ্রিয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট ও বিদেশি সমর্থকদের কাছে বিশেষ স্থান দখল করেছে। বোর্ড বিশ্বাস করে, খেলোয়াড়রাই বিপিএল এবং অধীনে থাকা যেকোনো ক্রিকেটীয় কার্যক্রমের প্রধান স্টেকহোল্ডার ও প্রাণশক্তি। তাই প্রত্যাশা, ক্রিকেটাররা বিপিএলের বাকি অংশ সফলভাবে সম্পন্ন করবেন।
আরও পড়ুন: নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ক্রিকেটারদের খেলা বয়কটের ঘোষণা
এর আগে বিশ্বকাপ না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে নাজমুল ইসলাম বলেন, “বিসিবি ক্ষতিপূরণ দেবে না। কারণ ক্রিকেটাররা খেললে ম্যাচ ফি পান এবং পারফরম্যান্স অনুযায়ী প্রাপ্ত অর্থ পেতে থাকেন। বোর্ডের লাভ-ক্ষতি এতে নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য। ওরা যদি কিছুই না করতে পারে, আমরা যে কোটি কোটি টাকা খরচ করেছি, আমরা কি তা ফেরত চাইছি?”
নিউজবাংলাদেশ.কম/এসবি








