News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১০, ১৫ জানুয়ারি ২০২৬

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ক্রিকেটারদের খেলা বয়কটের ঘোষণা

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ক্রিকেটারদের খেলা বয়কটের ঘোষণা

ছবি: সংগৃহীত

ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে দেশের ক্রিকেটে চরম অচলাবস্থা তৈরি হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে তার পদত্যাগ দাবি করে আল্টিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা। অন্যথায় বিপিএলসহ সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন এক জরুরি জুম সংবাদ সম্মেলনে জানান, আগামীকাল (বৃহস্পতিবার) দুপুর ১টার মধ্যে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএলের ম্যাচসহ দেশের সব ক্রিকেট কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে বুধবার বিকেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটারদের আর্থিক ক্ষতিপূরণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিসিবির এই পরিচালক আপত্তিকর মন্তব্য করেন। তিনি বলেন, বৈশ্বিক আসরে গিয়ে ক্রিকেটাররা কিছুই করতে পারেন না, অথচ তাদের পেছনে কোটি কোটি টাকা খরচ করা হয়। বোর্ড সেই টাকা ফেরত চায় না বললেও ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে তিনি কঠোর সমালোচনা করেন।

জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়রা নাজমুল ইসলামের এই বক্তব্যকে অপমানজনক ও অসম্মানজনক হিসেবে দেখছেন।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ মিঠুন ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন দায়িত্বশীল পদে থেকে ক্রিকেটারদের এভাবে তুচ্ছতাচ্ছিল্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খেলোয়াড়দের আত্মসম্মানে আঘাত লাগায় তারা এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ক্রিকেটারদের দাবি পূরণ না হলে চলমান বিপিএল বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়বে, যা দেশের ক্রিকেটের ভাবমূর্তির জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াবে।

আরও পড়ুন: নিরাপত্তা শঙ্কায় অনড় বিসিবি, উপায় খুঁজছে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র সমালোচনার ঝড় উঠেছে। তবে এই সংকট নিরসনে বিসিবির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্রিকেটারদের এই আল্টিমেটাম বিসিবিকে কঠিন চাপের মুখে ফেলেছে।

এখন দেখার বিষয়, উদ্ভূত পরিস্থিতিতে নাজমুল ইসলামের বিষয়ে বিসিবি কী সিদ্ধান্ত নেয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়