নিরাপত্তা শঙ্কায় অনড় বিসিবি, উপায় খুঁজছে আইসিসি
ফাইল ছবি
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে খেলার বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটার ও দর্শকদের নিরাপত্তার স্বার্থে নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের জোরালো দাবি জানিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত ভার্চুয়াল জুম সভায় আইসিসি ও বিসিবির শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। সভায় আইসিসি বাংলাদেশের কাছে ভারতেই ম্যাচ আয়োজনের প্রস্তাব রাখলেও, বিসিবি আগের অবস্থানই পুনর্ব্যক্ত করে।
সভার পর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, ক্রিকেটার, কর্মকর্তা ও স্টাফদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার। বিশ্বকাপ সংক্রান্ত আলোচনা আইসিসির সঙ্গে অব্যাহত থাকবে।
এর আগে ৪ জানুয়ারি নিরাপত্তাজনিত ঝুঁকির কথা উল্লেখ করে বিসিবি লিখিতভাবে আইসিসিকে জানিয়েছিল, বাংলাদেশ দল ভারতে খেলবে না এবং অন্য কোনো দেশে ম্যাচ আয়োজনের অনুরোধ করা হয়। আইসিসি তখন ঝুঁকির বিস্তারিত ব্যাখ্যা চেয়ে ৮ জানুয়ারি বিসিবিকে ই-মেইলের মাধ্যমে তথ্য, ভিডিও ও সংবাদ লিংক পাঠাতে অনুরোধ করে।
আরও পড়ুন: বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে যা জানাল বিসিসিআই
বিসিবির দেওয়া তথ্য বিশ্লেষণের পর আইসিসির নিরাপত্তা বিভাগও বিষয়টি স্বীকার করেছে। তাদের নোটে উল্লেখ করা হয়েছে, কলকাতার মতো সংবেদনশীল ভেন্যুতে বাংলাদেশি সমর্থকরা নিরাপদ নাও থাকতে পারেন। পাশাপাশি বলা হয়েছে, বাংলাদেশ দলের জার্সি পরা দর্শক হেনস্তার শিকার হতে পারেন। তুলনামূলকভাবে চেন্নাইকে নিরাপদ ভেন্যু হিসেবে সুপারিশ করা হয়েছে।
আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো ভারতের নিরাপদ ভেন্যুতে আয়োজনের প্রতিশ্রুতি দিলেও বিসিবি তা গ্রহণ করেনি এবং স্পষ্টভাবে ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। সরকারের পক্ষ থেকেও দলের ভারতে না যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে পরবর্তীতে বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইসিসির নিরাপত্তা বিভাগ সরাসরি এমন কোনো মন্তব্য করেনি।
বর্তমানে আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার সম্ভাবনা যাচাই করছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ‘সি’ গ্রুপ থেকে ‘বি’ গ্রুপে বাংলাদেশের স্থানান্তরের বিষয়ও বিবেচনায় রয়েছে। তবে গ্রুপ পরিবর্তন ও ভেন্যু বদল—দুটোই জটিল প্রক্রিয়া, তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আইসিসির বোর্ড সভার অনুমোদন প্রয়োজন হবে।
এক সূত্র জানিয়েছে, মিডিয়া রাইটসধারী প্রতিষ্ঠানও বাংলাদেশ শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলুক এমন ইচ্ছা প্রকাশ করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আপত্তি না করলে, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের সম্ভাবনা এখনো রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








