News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫৬, ১২ জানুয়ারি ২০২৬

বিপিএলের মাঝেই দুঃসংবাদ পেলেন তাসকিন

বিপিএলের মাঝেই দুঃসংবাদ পেলেন তাসকিন

ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে বড় ধাক্কা খেল ঢাকা ক্যাপিটালস। হাঁটুর পুরনো চোট নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠায় টুর্নামেন্টের বাকি অংশে তারকা পেসার তাসকিন আহমেদের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিপিএলের মাঝপথেই ছিটকে যাওয়ার শঙ্কার পাশাপাশি আগামী মাসেই শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলা নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ।

রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ছিলেন না তাসকিন আহমেদ। 

ম্যাচ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুন তাসকিনের অনুপস্থিতির কারণ স্পষ্ট করেন। 

মিঠুন জানান, ফিজিওর পরামর্শ ও সিদ্ধান্ত অনুযায়ী তাসকিনকে বিশ্রামে রাখা হয়েছে। চোটের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ ও উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে সিলেট থেকে ঢাকায় পাঠানো হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার হাঁটুতে মেডিকেল স্ক্যান করানো হবে।

তাসকিনের শারীরিক অবস্থা নিয়ে অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলেন, এটি পুরোপুরি ফিজিওর সিদ্ধান্ত। তাসকিন এখন খেলার মতো অবস্থায় নেই। তার পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন এবং স্ক্যান করানোর জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তবে আনঅফিসিয়ালি যতটুকু জানতে পেরেছি, চোট যদি গুরুতর না হয় তবে টুর্নামেন্টের ঢাকা পর্ব থেকে তাকে পুনরায় মাঠে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। 

আরও পড়ুন: ক্রিকেটের স্বার্থে সংশ্লিষ্টদের ‘দায়িত্বশীল’ হওয়ার আহ্বান তাসকিনের

তবে আজ সোমবার (১২ জানুয়ারি) ঢাকার পরবর্তী ম্যাচে তার খেলার কোনো সম্ভাবনা নেই বললেই চলে।

তাসকিনের চোট নিয়ে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম বায়েজিদ কিছুটা ইতিবাচক সুর শুনিয়েছেন। 

তিনি জানান, চোটটি আপাতদৃষ্টিতে খুব বেশি গুরুতর মনে হচ্ছে না এবং এর আগেও তাসকিনের একই ধরনের শারীরিক সমস্যার চিকিৎসা করা হয়েছে। বর্তমানে রুটিন চেকআপের অংশ হিসেবেই তাকে স্ক্যান করতে পাঠানো হয়েছে। তবে ক্রিকেটাঙ্গনে উদ্বেগের মূল কারণ হলো আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই বিশ্বমঞ্চের বাকি আর মাত্র তিন সপ্তাহ। এর মধ্যে যদি স্ক্যান রিপোর্টে বড় কোনো জটিলতা ধরা পড়ে, তবে বিশ্বকাপ দল থেকে তাসকিনের বাদ পড়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন তাসকিন আহমেদ। এই ম্যাচগুলোতে তিনি ৩টি উইকেট শিকার করলেও তার বোলিং কিছুটা খরুচে ছিল, যার ইকোনমি রেট ৯.৭৮। দেশের অন্যতম সেরা এই পেসারকে পুরোপুরি ফিট না করে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ ও বিসিবি। বর্তমানে বিসিবি ও বিপিএল কর্তৃপক্ষ মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে। দ্রুত সুস্থ হয়ে তাসকিন মাঠে ফিরবেন—এমনটাই প্রত্যাশা দেশের ক্রিকেট ভক্ত ও সংশ্লিষ্ট সকলের।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়