পিএসএলের ইতিহাসে সবচেয়ে দামি দল শিয়ালকোট
ফাইল ছবি
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে শিয়ালকোট ফ্র্যাঞ্চাইজি। ইসলামাবাদে অনুষ্ঠিত নিলামে অস্ট্রেলিয়াভিত্তিক রিয়েল এস্টেট কনসোর্টিয়াম ওজ ডেভেলপার্স ১৮৫ কোটি পাকিস্তানি রুপিতে দলটি কিনে নেয়। এর মাধ্যমে পিএসএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ফ্র্যাঞ্চাইজি হিসেবে আত্মপ্রকাশ করল শিয়ালকোট।
নিলামে আরেক নতুন দল হায়দরাবাদও বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাভিয়েশন ও হেলথকেয়ার প্রতিষ্ঠান এফকেএস ১৭৫ কোটি পাকিস্তানি রুপিতে দলটি কিনে নেয়, যা প্রায় ৬ দশমিক ২ মিলিয়ন ডলারের সমান।
শিয়ালকোট ফ্র্যাঞ্চাইজির নিলাম শুরু হয়েছিল ১৭০ কোটি রুপির ভিত্তিমূল্যে। তবে উত্তেজনাপূর্ণ দরযুদ্ধের মাধ্যমে শেষ পর্যন্ত এর দাম দাঁড়ায় ১৮৫ কোটি রুপিতে। অন্যদিকে হায়দরাবাদ দলের ভিত্তিমূল্য ছিল ১১০ কোটি রুপি। এফকেএস ও একটি ফিনটেক প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতার ফলে দলটির দাম বেড়ে ১৭৫ কোটি রুপিতে পৌঁছায়।
এফকেএসের সিইও ফাওয়াদ সরওয়ার বলেন, ‘পিএসএল দলের মালিক হওয়া আমার শৈশবের স্বপ্ন ছিল। ক্রিকেট আমাদের জীবনের অংশ, আর আজ সেই স্বপ্ন পূরণ হওয়ায় আমি গর্বিত।’
অন্যদিকে শিয়ালকোট দল কেনার বিষয়ে ওজ গ্রুপের সিইও হামজা মজিদ বলেন, ‘প্রবাসী পাকিস্তানি হিসেবে দেশের জন্য কিছু করার সুযোগ পাওয়া আমাদের জন্য গর্বের। ক্রিকেট আমাদের রক্তে, আর এই দলের মাধ্যমে শিয়ালকোটের ক্রীড়া শিল্পকে আরও এগিয়ে নিতে চাই।’
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি নতুন দুই মালিককে অভিনন্দন জানিয়ে বলেন, তারা শুধু ফ্র্যাঞ্চাইজি দলের মালিক নন, বরং পুরো পাকিস্তান ক্রিকেটের অভিভাবক হিসেবেও ভূমিকা রাখবেন।
আরও পড়ুন: বিপিএল নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতীয় উপস্থাপক রিধিমার
আগামী মৌসুমে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিজেই মুলতান সুলতানস দল পরিচালনা করবে। পরবর্তীতে দলটি নিলামের মাধ্যমে বিক্রির পরিকল্পনা রয়েছে। পিএসএলের ১১তম আসর শুরু হবে আগামী ২৬ মার্চ এবং চলবে ৩ মে পর্যন্ত।
নিউজবাংলাদেশ.কম/এসবি








