News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪৭, ৬ জানুয়ারি ২০২৬

বিপিএল থেকে বাদ পড়লেন ভারতীয় উপস্থাপক রিধিমা

বিপিএল থেকে বাদ পড়লেন ভারতীয় উপস্থাপক রিধিমা

ছবি: সংগৃহীত

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা প্যানেলে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিবর্তিত পরিস্থিতির কারণ দেখিয়ে প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক ও ক্রিকেটীয় উত্তেজনার প্রেক্ষাপটে বিসিবির এই সিদ্ধান্ত ক্রিকেটাঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এবারের বিপিএলে সম্প্রচার ও উপস্থাপনায় বড় চমক রেখেছিল বিসিবি। পাকিস্তানের জনপ্রিয় উপস্থাপক জয়নব আব্বাসের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন ভারতের রিধিমা পাঠক। পাশাপাশি ধারাভাষ্যকার হিসেবে যুক্ত ছিলেন পাকিস্তানের সাবেক পিসিবি প্রধান রমিজ রাজা ও ইংলিশ কিংবদন্তি ড্যারেন গফ। তবে টুর্নামেন্টের মাঝপথেই রিধিমার বিপিএল যাত্রার সমাপ্তি ঘটল। 

বিসিবি সূত্রে জানা গেছে, সম্প্রচার ও উপস্থাপনা তালিকা পুনর্মূল্যায়নের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে টুর্নামেন্টের ভাবমূর্তি ও স্থানীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রাখতে দেশীয় উপস্থাপকদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও সামনে এনেছে বিপিএল কর্তৃপক্ষ।

রিধিমা পাঠককে বাদ দেওয়ার নেপথ্যে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতাকে। গত ৩ জানুয়ারি ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই-এর নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াড থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়। 

আরও পড়ুন: বিসিবির তোপে বিশ্বকাপের নতুন সূচি বানাচ্ছে আইসিসি

অভিযোগ উঠেছে, ভারতে কট্টরপন্থী উগ্রবাদীদের হুমকির মুখে বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে। মূলত বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ভিত্তিহীন অভিযোগ তুলে ভারতে তৈরি হওয়া ‘অ্যান্টি-বাংলাদেশি’ সেন্টিমেন্টের রেশ ধরে মোস্তাফিজকে বাদ দেওয়া হয়, যা বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর জরুরি সভায় বসে বিসিবি। এর প্রতিক্রিয়া হিসেবে নিরাপত্তা ইস্যুতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অপারগতা প্রকাশ করে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বিসিবি। চিঠিতে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারত থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিও জানানো হয়েছে। এর পরপরই ৫ জানুয়ারি বাংলাদেশ সরকার দেশীয় অপারেটরদের মাধ্যমে আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করে। রিধিমা পাঠককে উপস্থাপনা প্যানেল থেকে বাদ দেওয়া সেই ধারাবাহিক কঠোর অবস্থানেরই একটি অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিপিএল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। প্রতি বছর বিদেশি তারকাদের উপস্থিতিতে এই আয়োজন মুখর থাকলেও এবার মাঠের বাইরের ঘটনাপ্রবাহ মাঠের ক্রিকেটকে ছাপিয়ে গেছে। বিসিবি এখনো রিধিমার বিষয়ে আনুষ্ঠানিক বিস্তারিত বক্তব্য না দিলেও দেশীয় সংস্কৃতি ও বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির নিরিখে এই পরিবর্তনকে প্রাসঙ্গিক বলে দাবি করছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়