লিটনকে অধিনায়ক করে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা
ফাইল ছবি
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রবিবার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষিত এই দলে বড় পরিবর্তন এনেছে নির্বাচক প্যানেল। আসন্ন এই বিশ্বমঞ্চে টাইগারদের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস এবং তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফ হাসান।
ঘোষিত এই দলে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে মিডল অর্ডার ব্যাটার জাকের আলি অনিকের বাদ পড়া। গত বছর বাংলাদেশের হয়ে ২৬টি টি-টোয়েন্টি খেলা জাকের সম্প্রতি চরম ফর্মহীনতায় ভুগছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার সর্বশেষ ১৫ ইনিংসে কোনো ফিফটি নেই, এমনকি ঘরোয়া ক্রিকেটেও রান পাচ্ছিলেন না তিনি। নিয়মিত সিঙ্গেল ডিজিটে আউট হওয়া এবং থিতু হয়েও রানের গতি বাড়াতে না পারায় তার বাদ পড়া অনেকটা অনুমিতই ছিল। গত বছর নিয়মিত অধিনায়ক লিটনের অনুপস্থিতিতে এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজে দলকে নেতৃত্ব দেওয়া জাকেরের বদলে উইকেটকিপিং ব্যাকআপ হিসেবে দলে ফিরেছেন অভিজ্ঞ নুরুল হাসান সোহান।
জাকের আলীর পাশাপাশি স্কোয়াডে জায়গা হয়নি সবশেষ ২০২৪ বিশ্বকাপে খেলা নাজমুল হোসেন শান্তরও। দল থেকে বাদ পড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে এবার মোট ৬ জন ক্রিকেটার বাদ পড়েছেন, আর জায়গা ধরে রেখেছেন ৯ জন।
আরও পড়ুন: মোস্তাফিজকে বাদ দেওয়ায় আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান আসিফ নজরুলের
দলীয় পরিকল্পনায় এবার ভিন্ন কিছু ভাবছে টিম ম্যানেজমেন্ট। ধারণা করা হচ্ছে, তানজিদ হাসান তামিমের সঙ্গে সাইফ হাসানকে ওপেনিংয়ে দেখা যেতে পারে, আর পারভেজ হোসেন ইমনকে খেলানো হতে পারে চার নম্বর পজিশনে। মিডল অর্ডারে দলের মূল ভরসা হিসেবে থাকছেন তাওহিদ হৃদয়। তার সঙ্গে ফিনিশারের ভূমিকায় দেখা যাবে শামীম হোসেন পাটোয়ারি ও নুরুল হাসান সোহানকে। স্পিন বিভাগে লেগ স্পিনার রিশাদ হোসেনের সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।
পেস আক্রমণে বাংলাদেশ পাঁচজন বোলার নিয়ে ভারত ও শ্রীলঙ্কায় উড়াল দেবে। নিয়মিত মুখ মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের সঙ্গে দলে জায়গা ধরে রেখেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে রিপন মন্ডল আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত অভিজ্ঞতার ওপরই ভরসা রেখেছেন নির্বাচকরা।
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লিটন বাহিনীর বিশ্বকাপ মিশন। একই ভেন্যুতে তারা খেলবে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম।
নিউজবাংলাদেশ.কম/পলি








