News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৫, ১৩ জানুয়ারি ২০২৬

৩৬ দিন পরেই পবিত্র রমজান, ঈদ হতে পারে ২০ মার্চ

৩৬ দিন পরেই পবিত্র রমজান, ঈদ হতে পারে ২০ মার্চ

ফাইল ছবি

বিশ্বজুড়ে মুসলিম ধর্মাবলম্বীদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শুরু হতে আর মাত্র ৩৫ থেকে ৩৬ দিন বাকি রয়েছে। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটি ও ধর্মীয় অনুষ্ঠানের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে যেকোনো একদিন পবিত্র রমজান মাস শুরু হতে পারে। 

জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ গবেষণাভিত্তিক বিশ্লেষণ অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে।

তবে হিজরি বর্ষপঞ্জি সম্পূর্ণভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় রমজান শুরুর চূড়ান্ত তারিখ একদিন আগে বা পরে হতে পারে। প্রতি বছরই রমজান ও ঈদের ক্ষেত্রে এ ধরনের একদিনের হেরফের দেখা যায়। সে কারণে নিজ নিজ দেশের চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই রোজা শুরুর দিন নির্ধারিত হবে।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের ক্যালেন্ডার বিশ্লেষণে আরও দেখা যায়, ২০২৬ সালে রমজান মাসের সম্ভাব্য শেষ দিন হতে পারে ১৯ মার্চ, যা ক্যালেন্ডার অনুযায়ী বৃহস্পতিবার। সে হিসাবে পরদিন, অর্থাৎ ২০ মার্চ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: পবিত্র শবে মিরাজ ১৬ জানুয়ারি

রমজান মাসের শেষ দশ দিনের মধ্যে সংঘটিত হয় ইসলামের অন্যতম পবিত্র রাত লাইলাতুল কদর বা কদরের রাত। দুবাইয়ের একই সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালে কদরের রাত পড়তে পারে ১৭ মার্চ মঙ্গলবার রাতে। এ রাতে মুসলমানরা আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য বিশেষ ইবাদত, দোয়া ও ক্ষমা প্রার্থনায় রত থাকেন।

বর্তমানে হিজরি বর্ষপঞ্জির রজব মাস চলছে। হিজরি মাসগুলো সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। শাবান মাসের শেষে রমজানের চাঁদ দেখা যাওয়ার পরই সুনিশ্চিতভাবে রোজার তারিখ ঘোষণা করা হবে।

রমজান মাস শুরুর এই সম্ভাব্য সময়কে সামনে রেখে ইতোমধ্যে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে প্রস্তুতি শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরাও এর আগে একই সময়ের পূর্বাভাস দিয়েছিলেন। তবে প্রতিবারের মতো এবারও রোজা ও ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণে সর্বশেষ সিদ্ধান্ত আসবে চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে।

সূত্র: গালফ নিউজ

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়