News Bangladesh

ধর্ম ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১৪, ১৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৬:১৫, ১৮ জানুয়ারি ২০২৬

হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ, সারাদেশে ৮০টি কেন্দ্র

হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ, সারাদেশে ৮০টি কেন্দ্র

ফাইল ছবি

চলতি বছরের হজযাত্রীদের জন্য টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। সারাদেশে মোট ৮০টি কেন্দ্রে টিকা নিতে পারবেন হজযাত্রীরা।

শনিবার (১৭ জানুয়ারি) ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত ৮০টি টিকা কেন্দ্রের তালিকা সংশ্লিষ্ট সবার অবগতির জন্য প্রকাশ করা হয়েছে।

টিকা প্রদানের তারিখ পরবর্তী সময়ে হজযাত্রীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। টিকা নেওয়ার সময় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হজযাত্রীদের হজ পোর্টাল থেকে ই-হেলথ প্রোফাইল প্রিন্ট করে সঙ্গে আনতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

হজসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য হজ কল সেন্টার ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যাবে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

টিকা কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- ঢাকা জেলার বাইরে সব জেলার সিভিল সার্জন কার্যালয়। এছাড়া ঢাকা মহানগরীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বাংলাদেশ সচিবালয় ক্লিনিক।

ঢাকার বাইরে অন্যান্য উল্লেখযোগ্য কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল এবং দিনাজপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল।

আরও পড়ুন: পবিত্র রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ

এর আগে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের টিকা নেওয়ার আগে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা আগামী ২৫ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে নিবন্ধিত সাড়ে ৭৮ হাজার হজযাত্রী হজ পালনের সুযোগ পাবেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়