স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৮, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৯:১১, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ফেনীর পরশুরাম উপজেলায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়) প্রকল্প আগামী ১ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে তার সফরকে কেন্দ্র করে ফেনীতে চলছে ব্যাপক প্রস্তুতি।

প্রধানমন্ত্রীর সফরটি এর আগে ১৭ সেপ্টেম্বর নির্ধারিত থাকলেও পরে তা স্থগিত করা হয়। নতুন সূচি অনুযায়ী আগামী ১ অক্টোবর তিনি ফেনী সফর করবেন।

গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের আওতায় নদী ও জলাধার পুনঃখনন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ এবং সেচ অবকাঠামো সংস্কার করা হবে।

প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি দেখতে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ফেনী পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় তিনি পরশুরাম উপজেলার খেয়াঘাট, মুহুরী নদীর তীরবর্তী এলাকা ও প্রস্তাবিত জনসভাস্থল পরিদর্শন করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে প্রকল্পটির উদ্বোধন করবেন। পরে সেখানে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।

এরপর প্রধানমন্ত্রী ফুলগাজীতে যাবেন। সেখানে খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এ ছাড়া পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সরকারি দপ্তরগুলোতে স্থাপিত মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌর প্যানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় বিশ্রাম ও নামাজ আদায় করবেন। পরে বেলা ৩টা থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে একটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

তিনটি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচিতে ফ্যামিলি কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা, কৃষক কার্ড এবং দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের জন্য সহায়তা কার্যক্রমে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এ সময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তার সাক্ষাৎ করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। নিরাপত্তার অংশ হিসেবে অনুষ্ঠানস্থলগুলোকে রেড, ইয়েলো ও হোয়াইট—এই তিনটি জোনে ভাগ করা হবে। পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হবে।

প্রধানমন্ত্রীর সফরের আগে রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় এসব তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। এসএসএফের পাশাপাশি পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

তবে মোট কতজন সদস্য মোতায়েন করা হবে, তা তিনি জানাননি।

জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম জানান, রেড জোনে প্রবেশের অনুমতি পাওয়া ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা কার্ড দেওয়া হবে। ইয়েলো জোনের জন্য থাকবে আলাদা কার্ড। সংশ্লিষ্ট কার্ডধারীরাই কেবল এসব জোনে প্রবেশ করতে পারবেন। রেড ও ইয়েলো জোনের বাইরের এলাকাকে হোয়াইট জোন হিসেবে নির্ধারণ করা হবে, যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন।

সম্ভাব্য সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সড়কপথে পরশুরাম যাবেন। তবে তাঁর ফেরার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে ফেনীতে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সরেজমিনে দেখা গেছে, পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে জনসভাস্থল তৈরির কাজ চলছে। পাশাপাশি পরশুরাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অস্থায়ী হেলিপ্যাড নির্মাণের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানস্থলে মঞ্চ, উদ্বোধনী ফলক স্থাপনের স্থান ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে।

জনসভায় অংশ নেওয়া মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অনুষ্ঠানস্থলে পানির ট্যাংক ও পোর্টেবল টয়লেট স্থাপনসহ প্রয়োজনীয় স্যানিটেশন কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।

সড়ক যোগাযোগ স্বাভাবিক ও নিরাপদ রাখতে ফেনী-পরশুরাম প্রধান সড়কের কয়েকটি গুরুত্বপূর্ণ অংশে মেরামত ও সংস্কারকাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। পরশুরাম-সুবার বাজার সড়কের জনসভাস্থলের আশপাশেও প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তুতিমূলক কাজ করা হচ্ছে।

এ ছাড়া ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।

আরও পড়ুন: নিউগিনি প্রপার্টিজে হামলা, জামায়াতের এমপির জামাতা গ্রেফতার

প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভিন্ন উন্নয়ন প্রত্যাশা তৈরি হয়েছে। তারা বন্যা ও নদীভাঙনের স্থায়ী সমাধান, ফেনীতে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, লালপুলে আন্ডারপাস নির্মাণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কার্যকর পদক্ষেপ আশা করছেন।

পাশাপাশি জেলার সড়ক যোগাযোগ ও সামগ্রিক অবকাঠামো উন্নয়নেও সরকারের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়