দূরপাল্লার বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ করল বিআরটিএ
ছবি: সংগৃহীত
আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের বাসযাত্রীদের জন্য নতুন নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর রুটেও পুনর্নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে।
জ্বালানি তেল ডিজেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ২৩ এপ্রিল বাসভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে ওই দিন বিস্তারিত ভাড়ার তালিকা প্রকাশ না হওয়ায় দূরপাল্লার বাসে ভাড়া নিয়ে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়।
শনিবার (২৫ এপ্রিল) বিআরটিএর ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের পাশাপাশি মহানগরীর রুটের নতুন ভাড়ার তথ্য প্রকাশ করা হয়।
সায়েদাবাদ রুটে ঢাকা-চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৫২ টাকা। ঢাকা-কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৯০০ টাকা ও ৪০ আসনের বাসে ১ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা-সিলেট রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৫৮০ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৪০ টাকা। ঢাকা-বরিশাল রুটে ৫১ আসনের বাসে ৪৬৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৯২ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকা-খুলনা রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৫৪১ টাকা এবং ৪০ আসনের বাসে ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সবচেয়ে দীর্ঘ রুট ঢাকা-টেকনাফে ৫১ আসনের বাসে ভাড়া ১ হাজার ৪৭ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
গাবতলী রুটে ঢাকা-পঞ্চগড় রুটে ৫১ আসনের বাসে ভাড়া ১ হাজার ৫ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ২৮১ টাকা। ঢাকা-রংপুর রুটে ৭৫১ টাকা ও ৯১১ টাকা, ঢাকা-দিনাজপুর রুটে ৯৭৪ টাকা ও ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
মহাখালী রুটে ঢাকা-ময়মনসিংহ রুটে ৫১ আসনের বাসে ভাড়া ২৯৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৩৭৫ টাকা। ঢাকা-জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জ রুটেও নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: ৬ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
এর আগে ১৮ এপ্রিল রাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়। এতে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বৃদ্ধি পায়। এরপর ২৩ এপ্রিল ভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে আন্তজেলা ও মহানগর রুটে কিলোমিটারভিত্তিক ভাড়া বাড়ানো হয়। তবে ন্যূনতম ভাড়া বাসে ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








