৬ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
ছবি: সংগৃহীত
দেশের ছয়টি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন: মেধাস্বত্ব সুরক্ষায় আধুনিক সেবা ব্যবস্থা গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পাশাপাশি ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনীসহ কিছু এলাকায় চলমান মৃদু তাপপ্রবাহ কিছুটা কমে আসতে পারে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








