মেধাস্বত্ব সুরক্ষায় আধুনিক সেবা ব্যবস্থা গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
উদ্ভাবক, গবেষক, উদ্যোক্তা ও সৃজনশীল ব্যক্তিদের প্রতিভার যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে সরকার একটি আধুনিক, সহজ ও কার্যকর সেবা ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, অনলাইন নিবন্ধন চালু, দ্রুত সেবা প্রদান, আইনি সুরক্ষা জোরদার এবং নকল পণ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইতোমধ্যেই নেওয়া হয়েছে।
‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উদযাপিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘মেধাস্বত্ব ও ক্রীড়া: প্রস্তুত হও, শুরু করো, উদ্ভাবন করো’— অত্যন্ত সময়োপযোগী, যা তরুণদের মেধাশক্তি কাজে লাগাতে উৎসাহ দেবে।
তিনি আরও বলেন, মেধাস্বত্ব সুরক্ষা নতুন ধারণা, উদ্ভাবন ও সৃজনশীল কার্যক্রমকে উৎসাহিত করে। পাশাপাশি ক্রীড়াপ্রযুক্তি, প্রশিক্ষণ পদ্ধতি, ক্রীড়াপণ্যের ব্র্যান্ডিং, সম্প্রচার শিল্প ও ডিজিটাল কনটেন্ট উন্নয়নে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি, কৃষি, শিল্প, গবেষণা, স্টার্টআপ ও সৃজনশীল অর্থনীতির বিকাশের এই সময়ে মেধাস্বত্ব সুরক্ষা জাতীয় অগ্রগতির অন্যতম পূর্বশর্ত। এ বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি জানান, দেশের ঐতিহ্যবাহী পণ্যের আন্তর্জাতিক স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিত করাও সরকারের অগ্রাধিকার। বৈশ্বিক বাজারে জামদানি, ইলিশসহ দেশীয় পণ্যের মর্যাদা সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বাণীতে ক্রীড়াখাতের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ক্রীড়া এখন শুধু বিনোদন নয়; এটি সম্ভাবনাময় পেশা ও অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত। জাতীয় ক্রীড়াবিদদের জন্য ভাতা ও স্পোর্টস কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে।
আরও পড়ুন: ফ্লোরিডায় লিমন ও বৃষ্টি হত্যা, রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ
এছাড়া দেশব্যাপী নতুন প্রতিভা অন্বেষণ, আধুনিক প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিবেশ গড়ে তুলতে কাজ চলছে বলেও তিনি জানান।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ দেশের ক্রীড়াভিত্তিক শিল্প, ক্রীড়াপণ্য উৎপাদন, স্পোর্টস মিডিয়া, পর্যটন, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








