নিরাপত্তা সংকটে মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমানের ফ্লাইট স্থগিত
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে বিদ্যমান যুদ্ধ পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা সংকটের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ছয়টি রুটে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বুধবার (০৪ মার্চ) সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটের সকল ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। মূলত গত ২৮ ফেব্রুয়ারি থেকেই এই ছয়টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা হয়েছে। তবে এই রুটগুলো বাদে মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্য যেমন— জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাস্কাটে বিমানের নিয়মিত ফ্লাইট কার্যক্রম পূর্বসূচি অনুযায়ী স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: আটকে পড়া বাংলাদেশিদের আনতে বিশেষ ফ্লাইট
ফ্লাইট স্থগিত হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বিশেষ ছাড় ঘোষণা করেছে বিমান কর্তৃপক্ষ। যেসব যাত্রী স্থগিত হওয়া রুটগুলোতে ভ্রমণের জন্য ইতোমধ্যে টিকিট সংগ্রহ করেছিলেন, তারা কোনো প্রকার অতিরিক্ত চার্জ বা জরিমানা ছাড়াই সম্পূর্ণ টাকা রিফান্ড (ফেরত) নিতে পারবেন। এছাড়া যাত্রীরা চাইলে কোনো বাড়তি খরচ ছাড়াই তাদের যাত্রার তারিখ পরিবর্তন করার সুযোগ পাবেন। এই সেবাগুলো দেশে ও বিদেশে বিমানের যেকোনো নিজস্ব সেলস সেন্টার অথবা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি থেকে গ্রহণ করা যাবে।
ফ্লাইট সংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। অভ্যন্তরীণ যাত্রীরা ১৩৬৩৬ এবং আন্তর্জাতিক পর্যায় থেকে +৮৮০৯৬১০৯১৩৬৩৬ নম্বরে কল করে প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ জোর দিয়ে জানিয়েছে যে, যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতির উন্নতি সাপেক্ষে প্রয়োজনীয় সিদ্ধান্ত যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। অনাকাঙ্ক্ষিত এই সাময়িক অসুবিধার জন্য সংস্থাটি যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








