৫ মার্চ পর্যন্ত বিমানের ৬ রুটের সব ফ্লাইট বাতিল
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার তীব্র সংঘাত এবং আকাশপথে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির কারণে বড় ধরনের ফ্লাইট বিপর্যয়ের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ছয়টি রুটে আগামী ৫ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত নিজেদের সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে রাষ্ট্রীয় এই বিমান সংস্থাটি।
মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে বিমানের জনসংযোগ বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে: সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে বাতিল হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী শিডিউল বা সময়সূচি যাত্রীদের জানানো হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এই পদক্ষেপের সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ। আকাশপথের বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট সূচি তছনছ হয়ে গেছে।
আরও পড়ুন: তিনদিনে মোট ১০২ ফ্লাইট বাতিল
পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার (০৩ মার্চ) একদিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়েছিল। সব মিলিয়ে গত পাঁচ দিনে মোট ১৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে, যার বড় অংশ মধ্যপ্রাচ্যগামী। এছাড়া, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত মোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমান বাংলাদেশ জানিয়েছে, আকাশপথের উত্তেজনা নিরসন না হওয়া পর্যন্ত ফ্লাইটের স্বাভাবিক গতি ফেরানো সম্ভব নয়। যাত্রীদের নিয়মিত বিমান কল সেন্টার বা সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ রেখে সর্বশেষ তথ্য জানার পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মূল সূত্র হিসেবে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতকে দেখা হচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এ ঘটনায় ইরানও উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে, যা পুরো অঞ্চলে আকাশপথের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি করেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








