News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৩, ৩ মার্চ ২০২৬

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। একই সঙ্গে সংস্থাটির দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদও পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে তারা সচিবালয়ে গিয়ে নিজ নিজ পদত্যাগপত্র দাখিল করেন।

আবদুল মোমেন ২০১৩ সালে তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে বাধ্যতামূলক অবসরে পাঠানো হন। সে সময় তিনি যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি চুক্তিভিত্তিক নিয়োগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব নেন এবং পরে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা লাভ করেন। একই বছরের ১০ ডিসেম্বর তাকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেদিনই সংস্থাটির দুই কমিশনারও নিয়োগ পান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুর্নীতিবিরোধী অবস্থান নিয়ে আবদুল মোমেনের বেশ কিছু বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়। এক বক্তব্যে তিনি দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহ্বান জানান। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত দুর্নীতির অর্থ বিদেশে পাচারে রাজনৈতিক এলিটদের সম্পৃক্ততার অভিযোগও তুলেছিলেন তিনি।

আরও পড়ুন: অভিনন্দন সংবলিত বিলবোর্ড দ্রুত সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ভূমিধস জয় পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করে। প্রায় দুই দশক পর ক্ষমতায় আসা দলটি প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনছে। এরই ধারাবাহিকতায় দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়