অভিনন্দন সংবলিত বিলবোর্ড দ্রুত সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
রাজধানীর বিভিন্ন সড়কের বিলবোর্ড ও ব্যানারে নিজের ছবি সম্বলিত অভিনন্দন বিজ্ঞাপন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে যাওয়ার পথে হাতিরঝিলের পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সম্বলিত একটি ব্যানার দেখতে পান প্রধানমন্ত্রী। তাৎক্ষণিকভাবে গাড়ি থামিয়ে সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেন তিনি। পরে সঙ্গে সঙ্গেই ব্যানারটি অপসারণ করা হয়।
আতিকুর রহমান রুমন আরও জানান, রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে কয়েকটি প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার ছবিসহ বিজ্ঞাপন প্রচার করছে। এ ধরনের সব বিজ্ঞাপন দ্রুত সরিয়ে ফেলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: বগুড়া সফর স্থগিত করলেন প্রধানমন্ত্রী
এর আগে বিজয় সরণী এলাকায় একটি এলইডি স্ক্রিনে নিজের ছবিসহ অভিনন্দন বার্তা দেখে সেটিও অপসারণের নির্দেশ দিয়েছিলেন তিনি।
মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে তার দপ্তরে পৌঁছে দিনের কর্মসূচি শুরু করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








