News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫৭, ১ মার্চ ২০২৬

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী 

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী 

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে থাকা শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে। তবে কীভাবে এ অভিযান পরিচালনা করা হবে, সে পরিকল্পনা এখনই প্রকাশ করতে চান না তিনি। শিগগিরই এ বিষয়ে কার্যক্রম শুরু হবে বলে জানান মন্ত্রী।

রবিবার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ রয়েছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। খুব দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। পরিকল্পনার বিষয়টি এখন প্রকাশ করতে চাই না। তবে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

চট্টগ্রামে সাম্প্রতিক গোলাগুলির ঘটনায় এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রায় দুই মাস আগে একটি সন্ত্রাসী গ্রুপ এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেছিল। পরে চট্টগ্রামের পুলিশ কমিশনার ওই ব্যবসায়ীর বাসায় পুলিশ প্রহরার ব্যবস্থা করেন। এতে সন্ত্রাসীরা সুবিধা করতে না পেরে আবার হামলার চেষ্টা চালায় এবং ভারী অস্ত্র ব্যবহার করে গোলাগুলি করে।

তিনি আরও বলেন, চট্টগ্রামের ঘটনায় জড়িতদের ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের গ্রেপ্তারে কাজ করছে।

বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট তথ্য থাকলে সংশ্লিষ্টদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। তবে ঢালাও অভিযোগের জবাব দেওয়া সম্ভব নয়।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে দেশে স্থিতিশীলতা আসে। মানুষের মনে শান্তি ও নিরাপত্তাবোধ তৈরি হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়