‘ঈদের পর সিটি করপোরেশন নির্বাচন’
ছবি: সংগৃহীত
রমজান পরবর্তী সময়ে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ও বর্তমান ভারপ্রাপ্ত সিইসি আব্দুর রহমানেল মাসউদ।
তিনি জানান, স্থানীয় সরকারের এই নির্বাচনগুলো কোনো একটি নির্দিষ্ট সময়ে নয়, বরং বছরজুড়েই চলতে থাকবে।
রবিবার (০১ মার্চ) রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত বার্ষিক সাধারণ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে তিনি এসব তথ্য জানান।
ইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন শিগগিরই হবে। রমজানের পর থেকেই স্থানীয় সরকার পর্যায়ের সিটি করপোরেশন নির্বাচন শুরু হবে। একের পর এক বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে এটি সারাবছর চলতে থাকবে।
তিনি আরও জানান, সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে।
আরও পড়ুন: ঢাকার ভূমিকম্প ঝুঁকি মোকাবিলা জোরদার করতে নির্দেশ প্রধানমন্ত্রীর
তবে তিনি স্বীকার করেন, ভালোর কোনো শেষ নেই। আরও ভালো করা যায় কি না, আমাদের নিজস্ব ঘাটতি ছিল কি না, কমিশন সেই বিষয়ে ভাবছে এবং কাজ করছে।
নির্বাচন কমিশনার মাসউদ স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীকের বিষয়েও সংসদের সিদ্ধান্তের অপেক্ষা করছেন।
তিনি বলেন, দলীয় প্রতীক থাকবে কি না, সেটা সংসদের সিদ্ধান্তের পর ইসি সে অনুযায়ী ব্যবস্থা নেবে। আইন অনুযায়ী ভালো নির্বাচনের জন্য কমিশন সবসময় প্রস্তুত থাকবে।
এ সময় তিনি সাংবাদিকদেরও সতর্ক করেন, নির্বাচন সংক্রান্ত খবর সংগ্রহের ক্ষেত্রে নিরপেক্ষ ও সঠিক তথ্য সরবরাহ করতে হবে।
তিনি বলেন, নির্বাচন কমিশনের একটি বড় অংশ সাংবাদিকরা। তারা সাংবিধানিকভাবে কমিশনের কার্যক্রমের সমালোচনা করতে পারেন এবং আরও ভালো করার পরামর্শ দিতে পারেন। আমাদের আশা, সাংবাদিকরা তথ্যের সঠিকতা নিশ্চিত করবেন।
মাসউদ জানিয়েছেন, কমিশনের কোনো অবসর নেই। সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও সারাবছর ধরে বিভিন্ন স্থানীয় নির্বাচন আয়োজন করতে হবে। সব প্রস্তুতি ঈদের পর থেকেই শুরু হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








