News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪১, ১ মার্চ ২০২৬

ঢাকার ভূমিকম্প ঝুঁকি মোকাবিলা জোরদার করতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার ভূমিকম্প ঝুঁকি মোকাবিলা জোরদার করতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ফাইল ছবি

রাজধানীতে ভূমিকম্প পরবর্তী সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় এক লাখ প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করতে রাজধানীর খেলার মাঠ ও খোলা জায়গাগুলো দ্রুত চিহ্নিত করার পাশাপাশি বিল্ডিং কোড অনুসরণে কঠোর অবস্থান নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

রবিবার (০১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই দিকনির্দেশনা প্রদান করেন। 

বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য নিশ্চিত করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

ত্রাণ মন্ত্রী জানান, ভূমিকম্পের মতো আকস্মিক দুর্যোগে ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখতে দক্ষ জনশক্তির ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। এই লক্ষ্যেই বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যারা দুর্যোগ পরবর্তী উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে তাৎক্ষণিক ভূমিকা পালন করতে পারবে। এ ছাড়া উদ্ধার অভিযানে আধুনিক প্রযুক্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় উন্নত সরঞ্জাম দ্রুত কেনারও নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।

আরও পড়ুন: নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী

শহরাঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি হ্রাসে রাজধানীর প্রতিটি ওয়ার্ড ও এলাকায় বিদ্যমান খেলার মাঠ এবং খোলা জায়গাগুলো চিহ্নিত করার ওপর জোর দেওয়া হয়েছে। জরুরি অবস্থায় এসব স্থানকে যেন নিরাপদ আশ্রয়স্থল বা অপারেশনাল কেন্দ্র হিসেবে ব্যবহার করা যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়ার কথা বলেছেন।

মন্ত্রী আসাদুল হাবিব দুলু আরও উল্লেখ করেন, ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা নিশ্চিতে কঠোর তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে করণীয় নির্ধারণে এবং সার্বিক দুর্যোগ প্রস্তুতি পর্যালোচনার জন্য দ্রুত ‘দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল’-এর সভা ডাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সরকারের এই নতুন উদ্যোগের ফলে ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়