পেট্রোল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিল রাশিয়া
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ার মধ্যেই ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। দেশটির মন্ত্রিসভাকে এই বিষয়ে খসড়া সিদ্ধান্ত তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ) তাস নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাক শুক্রবার (২৭ মার্চ) জ্বালানি মন্ত্রণালয়কে এই নির্দেশ দেন। নতুন নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত চলতে পারে।
নোভাক জানান, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে তেলের দাম ওঠানামা করছে। তিনি আরও বলেন, বিদেশে রাশিয়ার জ্বালানির চাহিদা এখনও অনেক বেশি, তবে দেশের ভেতরে সরবরাহ ঠিক রাখাই এখন প্রধান লক্ষ্য।
গত বছর রাশিয়ার কয়েকটি অঞ্চলে পেট্রোলের সংকট দেখা দিয়েছিল। ইউক্রেনের হামলায় কিছু তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ার পর তেলের চাহিদাও বেড়ে গিয়েছিল। তখনও জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে রাশিয়া কয়েকবার পেট্রোল ও ডিজেল রপ্তানি বন্ধ করেছিল।
বিশ্লেষকরা বলছেন, এবারের পরিস্থিতি ভিন্ন। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বিশ্বজ্বালানি বাজারে বড় প্রভাব ফেলছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে অস্থিতিশীলতার কারণে তেল পরিবহন ব্যয় বেড়েছে এবং বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। এমন অবস্থায় রাশিয়ার এই পদক্ষেপ অন্যান্য দেশকেও প্রভাবিত করতে পারে।
আরও পড়ুন: সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ১২ মার্কিন সেনা আহত
উল্লেখ্য, গত এক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা এবং পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং বিমান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








